ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ
নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে কার্গো ট্রলার শ্রমিকদের ধর্মঘট শুরু
ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে চলাচলকারী বালুবাহী বাল্কহেডে (ট্রলার) চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার দুপুরে শ্রমিকেরা কাজ বন্ধ করে নারায়ণগঞ্জের বিভিন্ন ঘাটে শত শত বালুবাহী বাল্কহেড নোঙর করে রাখেন। পরে তাঁরা ধর্মঘটের সমর্থনে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন নৌ-শ্রমিকেরা।কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জের মেঘনা সেতু থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু ও নারায়ণগঞ্জের মোহনায় চর ইজারাদারদের লোকজন ক্ষমতাসীন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলন্ত বালুবাহী ট্রলারে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করছে। শ্রমিকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। অনেক সময় সন্ত্রাসীরা ট্রলার আটকে রাখে।জাহাঙ্গীর বলেন, ‘এ নিয়ে প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে এক মাস আগে কার্গো শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। প্রশাসন চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আবার অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি আমরা।’