নৌপথে ঝুঁকিপূর্ণ চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবরোধের কারণে সড়কপথে যান চলাচল বন্ধ। তাই শহর থেকে চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া উপকূলে গিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। নৌপথেও লঞ্চ সার্ভিস বন্ধ। তাই বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই ডিঙি নৌকায় করে যেতে হচ্ছে। নইলে আয় বন্ধ হয়ে যাবে। তখন পরিবারের সদস্যরা না খেয়ে মরবে।’ গতকাল রোববার শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাটে দিনমজুর আবদুল জলিল (৪৫) এসব কথা বলেন।
জলিলসহ ৫৩ জন যাত্রী ছোট একটি ডিঙি নৌকায় চড়ে ৪৫ কিলোমিটার দূরে চকরিয়ার বদরখালী গ্রামে যাচ্ছেন ধান কাটার কাজ করতে।
দিনমজুর আনোয়ার কামাল বলেন, সারা দিন মাঠের ধান কেটে পাওয়া যাবে ২৮০ টাকা। সড়কপথে বদরখালী যেতে যেখানে ৩০ টাকা খরচ হতো, সেখানে নৌকায় যেতে খরচ হচ্ছে ৭০-৮০ টাকা। অবরোধের কারণে বিপাকে পড়েছেন তাঁর মতো শ্রমজীবী লোকজন।
শহরের কস্তুরাঘাট, ৬ নম্বর জেটি, ফিশারিঘাট দিয়ে কয়েকটি স্পিডবোট মহেশখালী পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করছে। ভাড়া নিচ্ছে মাথাপিছু ৭৫ টাকা। আগে এই নদী দিয়ে মহেশখালীর পাশাপাশি চকরিয়া, কুতুবদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা, জেএমঘাটসহ ১২টি অভ্যন্তরীণ নৌপথে ৭০টির বেশি স্পিডবোট ও ১০টির বেশি কাঠের নৌকা চলাচল করত। কিন্তু অবরোধের কারণে ৯০ ভাগ নৌযান চলাচল বন্ধ। ফলে শ্রমজীবী মানুষকে ডিঙি নৌকায় চলাচল করতে হচ্ছে। মহেশখালীর জেএমঘাটের ব্যবসায়ী সালামত উল্লাহ বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় দোকানের জন্য পণ্য নিতে পারছেন না। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
কক্সবাজার স্পিডবোট মালিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন বলেন, অবরোধের কারণে কক্সবাজার থেকে বিভিন্ন নৌপথের যাত্রী একেবারে কমে গেছে। তাই নৌযানের সংখ্যাও কম।