নৌপথে পণ্য পরিবহন চালুর তাগিদ দিলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও রেলপথের ওপর নির্ভরতা কমাতে নৌপথে পণ্য পরিবহনকে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ নৌপথে যত দ্রুত পণ্য পরিবহন চালু হবে, ততই পণ্য পরিবহনে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। গতকাল রোববার চট্টগ্রামের বিজিএমইএ ভবনে এক সেমিনারে ব্যবসায়ীরা এই অনুরোধ জানান। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি), চট্টগ্রাম চ্যাপ্টার এবং তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের মূল বিষয় ছিল ‘যানজট এবং এর সমাধান নৌপথে পণ্য পরিবহনে’। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়া শুরু হলে ব্যবসায়ীরা সুফল পাবে। নৌপথে যত দ্রুত সম্ভব পণ্য পরিবহনের কার্যক্রম শুরু করা উচিত। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জার্মানিশ্যেয়ার লয়েড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাসুদ করিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. জন ডেনিলুই্যজ। সেমিনারে বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি এম এ সালাম, আইবিএফবি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ। সেমিনারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ডেনিলুই্যজ বলেন, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অবকাঠামো ও যানবাহন বড় বাধা। এ থেকে উত্তরণে সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন তিনি। মূল প্রবন্ধে মাসুদ করিম বলেন, পণ্য নিয়ে ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করতে গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগছে। সড়কে অসহনীয় যানজট সামগ্রিকভাবে অর্থনৈতিক ও উৎপাদনশীলতার অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছে।