নৌপথে বছরে ২০ কোটি মানুষ যাতায়াত করে: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে রুট পারমিট নিয়ে ৬৯৫টি যাত্রীবাহী নৌযান চলাচল করে। এসব নৌযানের মাধ্যমে বছরে প্রায় ২০ কোটি মানুষ যাতায়াত করে। আজ মঙ্গলবার সংসদে পিনু খানের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

মন্ত্রী আরও বলেন, গত ৫ বছরে দেশের অভ্যন্তরীণ নৌপথে ১০০ কোটি ৫৭ লাখ যাত্রী নৌযানের মাধ্যমে যাতায়াত করেছে। যাত্রীবাহী ৯২৩টিসহ বর্তমানে দেশে নৌযানের সংখ্যা ১০ হাজার ২৯৬টি। এর মধ্যে রুট পারমিট নিয়ে ৬৯৫টি বিভিন্ন রুটে চলাচল করছে।

এনামুর রহমানের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বর্তমানে অভ্যন্তরীণ নৌপথের দৈর্ঘ্য বর্ষাকালে প্রায় ২৪ হাজার এবং শুষ্ক মৌসুমে ছয় হাজার কিলোমিটার।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদকে জানান, দেশে বছরে প্রায় সাড়ে চার ‍লাখ শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয়। এর মধ্যে ২৬ হাজার জনের মৃত্যু ঘটে। অবশিষ্ট শিশুরা পরবর্তী সময়ে শারীরিক নানা জটিলতায় ভোগে।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে নবজাতক চুরি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। চুরি বন্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক নির্ধারিত ইউনিফর্ম পরার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তরীকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, চুক্তি অনুযায়ী এ বছর হজ পালনের জন্য ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশ থেকে হজ পালনে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার, বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।