নৌপথে বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে আসাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামের সঙ্গে নৌপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। আগামী বছরের সেপ্টেম্বর মাসে চালু হতে যাচ্ছে বিলাসবহুল নৌযান ‘সরাইদেও-২’। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।

উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে বেসরকারি উদ্যোগে চালু হচ্ছে নৌযাত্রার নতুন রুট। ভারতের আসাম বেঙ্গল নেভিগেশন (এবিএন) পানিতে ভাসাবে সরাইদেও-২ নামের নতুন একটি জাহাজ।

তবে কোন পথে নৌযান বাংলাদেশে আসবে, কোন নৌবন্দরে ভিড়বে, তা এখন স্পষ্ট নয়।

এবিএনের ব্যবস্থাপনা পরিচালক আশিস ফুকন দাবি করেন, আসামের ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে নৌ যাতায়াতের জন্য প্রয়োজনীয় সমঝোতাপত্র ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরেই সরাইদেও-২ চলবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, বিলাসবহুল জাহাজটিতে দুই শয্যাবিশিষ্ট ১৪টি ও এক শয্যাবিশিষ্ট চারটি কক্ষ ছাড়াও থাকছে অত্যাধুনিক জিম, স্পা থেকে শুরু করে অনেক ধরনের সেবা। জাহাজটির উচ্চতাও ব্রহ্মপুত্র বা বাংলাদেশের নদীগুলোর গ্রীষ্ম-বর্ষা মৌসুমের গভীরতার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

আশিস ফুকন জানান, রুট এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক নৌযানের কিছু বিশেষ নিয়মকানুন আছে। সেগুলো এখনো বাকি আছে। এ ছাড়া কিছু আইনি জটিলতা থাকায় চালু করতে কিছুটা সময় লাগবে।

তবে আসাম সরকার ইতিমধ্যে ব্রহ্মপুত্র সংস্কারের কাজে হাতে নিয়েছে। ড্রেজিং করা হবে ৮৭১ কিলোমিটার ব্রহ্মপুত্রের যাত্রাপথ। ইতিমধ্যেই ৩০০ কিলোমিটার পথের জরিপের কাজ শেষ হয়েছে।

আসামের পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, ব্রহ্মপুত্রের ড্রেজিংয়ের পাশাপাশি রাজ্যে নৌপরিবহনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। বাংলাদেশের সঙ্গে নৌ-সংযোগকে তিনিও বাড়তি গুরুত্ব দেন।

আসাম নৌপরিবহনের শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবি দেবচৌধুরী সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংক থেকে হাজার কোটি রুপি এসেছে ব্রহ্মপুত্রের ড্রেজিংয়ের জন্য। সেই অর্থেই ব্রহ্মপুত্র সংস্কারের কাজ হাতে নিয়েছে রাজ্য সরকার।

সম্প্রতি ভারতের জাহাজমন্ত্রী নীতিন গড়কড়িও গুয়াহাটি সফরকালে ব্রহ্মপুত্রের সংস্কার ও আসামের পরিবহনশিল্পের উন্নয়নে নৌপথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।