নৌপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে উদ্ধার ২৬
অবৈধ উপায়ে চট্টগ্রাম থেকে নৌপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ২৬ জনকে নগরের পতেঙ্গা থানার নেভাল একাডেমি সড়ক থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের ভাষ্যমতে, গত মঙ্গলবার রাত ১২টার দিকে পরিচালিত এ অভিযানে পাকারকারী চক্রের তিন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।র্যাব সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নওগাঁ, নাটোর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা এলাকা থেকে ওই ২৬ জনকে নগরে নিয়ে আসে। নগরের কয়েকটি হোটেলে অবস্থানের পর মঙ্গলবার রাতে তাদের নৌপথে পাচারের উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দরসংলগ্ন নেভাল একাডেমি এলাকায় আনা হয়। একপর্যায়ে র্যাবের একটি দল ওই অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া পাচারকারী চক্রের তিন সদস্য হলেন বজল আহমেদ (৪৩), মো. ইলিয়াস আলী (২৩) ও আয়াত উল্লাহ (২৭)। বজল ও ইলিয়াসের বাড়ি কক্সবাজারে। আয়াত উল্লাহর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায়। গতকাল বুধবার দুপুরে পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া আয়াত উল্লাহ এ সময় সাংবাদিকদের বলেন, ‘টেকনাফের তৈয়ব, নাইক্ষ্যংছড়ির শরীফ ও নজির হোসেন নামের তিনজন বিদেশে লোক পাঠান। ওঁরাই নৌকা ভাড়া করেন। ৩০-৩৫ হাজার টাকা নেন। নৌকায় ওঠার আগে তিন থেকে পাঁচ হাজার টাকা লাইনখরচা নেন। থাইল্যান্ড গেলে আরও ১৫-২০ হাজার টাকা নেওয়া হয়। ওখানে বস আছেন। তিনি দুই-চার হাজার রিঙ্গিত নিয়ে মালয়েশিয়ায় ঢুকিয়ে দেন।’ কীভাবে মালয়েশিয়া পাঠানোর জন্য লোক সংগ্রহ করা হয় এবং মোট কত টাকা নেওয়া হয় জানতে চাইলে আয়াত বলেন, ‘অন্যরা এসব জানে। আমি ১৫ দিন হলো এ কাজ করছি।’ র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খান সাংবাদিকদের বলেন, ‘আগে চার-পাঁচজনের ছোট ছোট দলে ভাগ হয়ে টেকনাফ থেকে মালয়েশিয়ায় লোক পাচার করা হতো। এই প্রথম চট্টগ্রাম থেকে এত বেশিসংখ্যক মানুষকে একসঙ্গে পাচারের চেষ্টা করা হলো। এটা সচরাচর ঘটে না। এর পেছনে একটা নেটওয়ার্ক আছে। ওই নেটওয়ার্ক দুর্বল না শক্তিশালী তা খতিয়ে দেখা হচ্ছে।উদ্ধার করা ব্যক্তিরা হলেন: মো. জিয়াউর রহমান (২১), মো. শহিদ আলম (৫৫), মো. শাহেদ (১৮), মো. জাফর (২৮), মো. জমির (২৫), মাহমুদুল হাসান (২২), জাহান আলী (৩২), রবিউল ইসলাম (২২), সফিউল আলম (১৮), আয়াত উল্লাহ (২০), দিদারুল আলম (১৮), আবসার (২৮), হযরত আলী (২৮), ফারুক (১৭), নূরুল আমিন (২০), নূরুল আবসার (১৮), মো. হাসিম (১৮), জালাল উদ্দিন (২৫), মো. হাবিব (৩০), মো. মিতুল হোসাইন (২২), মাঈন উদ্দিন (২১), মোবারক মিয়া (১৮), নূরুল আবসার (১৮), মো. নজরুল করিম (২৪), মো. আরিফ (২৬) ও মো. আলী (২১)।