বর্তমান সরকারের সময়ই নৌপরিবহন খাতে দৃশ্যমান উন্নয়নের তাগিদ দিলেন নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা। গতকাল বুধবার ‘সুস্থ পরিবেশ, নৌ ও যাত্রী নিরাপত্তা—আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে এ সপ্তাহ শুরু হয়েছে। এবার পালিত হতে যাচ্ছে তৃতীয় নৌ-নিরাপত্তা সপ্তাহ। গতকাল সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি নৌ-শোভাযাত্রাও বের করা হয়। অনুষ্ঠানে নৌমন্ত্রী নৌপরিবহন খাতে উন্নয়নে ‘ইতিহাস সৃষ্টির লক্ষ্যে’ সব শ্রেণী-পেশার মানুষের সহায়তা কামনা করেন। তিনি এ খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিবরণ তুলে ধরেন। মন্ত্রী জানান, নৌযানের ফিটনেস পরীক্ষাসহ অধিকতর তদারকির লক্ষ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের জন্য ২১টি সার্ভেয়ার পদ সৃষ্টি করতে জনপ্রশাসন (সাবেক সংস্থাপন) মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে নিবন্ধিত নৌযানের সংখ্যা সাড়ে ১২ হাজার হলেও জরিপকারীর পদ মাত্র পাঁচটি। এর মধ্যেও আবার এখন স্থায়ী রয়েছেন মাত্র একজন। মন্ত্রী আরও জানান, রাতে নৌযান চলাচলের জন্য নৌপথে পর্যাপ্ত বয়াবাতির ব্যবস্থা করা হবে।লঞ্চমালিকদের আশ্বাস দিয়ে শাজাহান খান বলেন, ব্যবসার ক্ষতি হবে এমন কোনো কাজ সরকার করবে না। যাত্রীদের স্বার্থে তিনি মালিক-শ্রমিকদের ত্যাগ স্বীকারের আহ্বান জানান।নৌসচিব আবদুুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রমুখ।