নৌপরিবহন মন্ত্রীকে সংবর্ধনায় ৮৪ তোরণ, সঙ্গে সোনার চেইন
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানকে সংবর্ধনা জানাতে সৈয়দপুরে গত শুক্রবার ব্যাপক আয়োজন করে নীলফামারী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। মন্ত্রীর আগমন উপলক্ষে তারা ৮৪টি তোরণ নির্মাণ ও মোটর শোভাযাত্রার আয়োজন করে। পাশাপাশি সৈয়দপুর পৌরসভার ২০ জন কাউন্সিলর মন্ত্রীকে একটি সোনার চেইন উপহার দেন। মন্ত্রীর আগমন উপলক্ষে শুক্রবার রাতে নৈশভোজেরও আয়োজন করা হয়।এ ছাড়া গতকাল শনিবার মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জনসভারও আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান। সভা শেষে গতকাল রাতে মন্ত্রী দিনাজপুরে আরেকটি জনসভায় যোগ দেন। কৃষক লীগের সৈয়দপুর শাখার সভাপতি পি কে সাইদুল ইসলাম জানান, শাহজাহান খান যেহেতু পরিবহন খাতের মন্ত্রী, তাই পরিবহন শ্রমিকেরা তাঁকে সংবর্ধনা দিয়েছেন। তিনি বলেন, মন্ত্রী আসছেন তাই সৈয়দপুর-রংপুর মহাসড়কে খিয়ারজুম্মা এলাকা থেকে সৈয়দপুর শহরে পৌর মেয়রের নতুন বাবুপাড়া মহল্লার বাসভবন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় ৮৪টি তোরণ স্থাপন করা হয়। এ ছাড়া তাঁকে বরণ করতে খিয়ারজুম্মায় দেড় শতাধিক মোটরসাইকেল ও ৫০০ গাড়ির শোভাযাত্রা বের করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সৈয়দপুর পৌঁছার পর পৌর মেয়র ও নীলফামারী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদলের বাসভবনে মন্ত্রীকে আনা হয়। সেখানে মন্ত্রীর সম্মানে ৫০০ লোককে খাওয়ানো হয়। নৈশভোজের খাদ্য তালিকায় ছিল শুঁটকি মাছ, পাটশাক, আলু ভাজি, খাসি, মুরগি ও গরুর মাংস, চালের রুটি, সাদা ভাত, পোলাও, কোমল পানীয়সহ অন্যান্য খাবার। পরে মন্ত্রীকে সৈয়দপুর পৌরসভার ২০ জন কাউন্সিলের পক্ষ থেকে একটি সোনার চেইন উপহার দেওয়া হয়। এই উপহারের কথা নিশ্চিত করেছেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংবর্ধনা নিতেই মন্ত্রীর এই সফর।