নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের নামে শীতলক্ষ্যা নদীতে নৌযানে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলুল হককে প্রত্যাহার করা হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলামকে নিয়ে গত ৪ আগস্ট শীতলক্ষ্যা নদীতে নৌযানসমূহ পাইলট নিয়ে চলাচল করছে কি না এবং নৌ সংরক্ষণ ও পথনির্দেশনা (পাইলটেজ) ফিস বিধিমালা অনুযায়ী কনজারভেন্সি চার্জ পরিশোধ করছে কি না, তা দেখতে শীতলক্ষ্যা নদীতে তিন ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।বন্দর উপজেলার সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরি ও বাংলাদেশ ইনস্টিটিউট ও মেরিন টেকনোলজি ঘাটে রাখা ১৫-২০টি বালুবাহী নৌযানের কাগজপত্র পরীক্ষা করেন ভ্রাম্যমাণ আদালত। এমবিএমএ হোসেন নামের একটি বালুবাহী নৌযান কাগজপত্র পরীক্ষা করে কনজারভেন্সি চার্জ পরিশোধ না করায় তাকে এক হাজার টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমাণ আদালত। তখন ওই নৌযানের মাস্টার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে জানান, কিছুক্ষণ আগে ফজলুল হক নামের একজন পুলিশ অফিসার কয়েকজন পুলিশসহ এসে ভ্রাম্যমাণ আদালতের কথা বলে তাঁর কাছ থেকে জরিমানা নিয়ে গেছেন রসিদ দেওয়া ছাড়াই। এই মুহূর্তে তাঁর হাতে কোনো টাকা নেই। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের ভাবমূর্তির সঙ্গে জড়িত বিধায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাঁকে চ্যালেঞ্জ করেন। একই সময়ে অন্যান্য বালুবাহী নৌযানের চালকও ভ্রাম্যমাণ আদালতকে জানান, পুলিশ অফিসার ফজলুল হক কিছুক্ষণ আগে এসে আদালতের কথা বলে তাঁদের কাছ থেকে টাকা নিয়ে গেলেও কোনো রসিদ দেননি। পরে ম্যাজিস্ট্রেট সেখান থেকে এসে দেখতে পান শীতলক্ষ্যা নদীতে এসআই ফজলুল হক ৮-১০ জন পুলিশসহ টহল দিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত ফজলুল হককে জিজ্ঞাসা করলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং জানান, ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এসেছেন। ভ্রাম্যমাণ আদালত খোঁজ নিয়ে জানতে পারেন, একই সময়ে ঢাকা থেকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিদর্শক (মেরিন) শফিকুর রহমান বন্দরে মেরিন ইনস্টিটিউটের ঘাটে বসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। শফিকুর রহমান ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামকে জানান, মেরিন ইনস্টিটিউট ঘাট এলাকায় রাখা বালুবাহী নৌযান ছাড়া অন্য কোনো নৌযানের কাগজপত্র তিনি দেখেননি। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই এসআই ফজলুল হককে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) আশরাফুল আলম ইতিমধ্যে কাজ শুরু করেছেন।