নৌপ্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণ বিদেশে স্যানিটারি পরিদর্শক!
প্রকল্পের নাম জাহাজ চলাচল ব্যবস্থাপনা এবং তথ্যপদ্ধতি (ভিটিএমআইএস)। এ প্রকল্পের মাধ্যমে বন্দর জলসীমায় জাহাজ চলাচল তদারকি করা হয়। এমন একটি প্রকল্পের প্রশিক্ষণ নিতে বন্দরের একটি দলে বিদেশে গেছেন বন্দর কর্তৃপক্ষের চিকিৎসা বিভাগের স্যানিটারি পরিদর্শক।
বন্দর সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে এক সপ্তাহের জন্য এই প্রশিক্ষণ নিতে হংকং গেছেন ১৪ সদস্যের প্রতিনিধিদল। বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহজাহানের নেতৃত্বে এই দলে আছেন বন্দরের স্যানিটারি পরিদর্শক আবুল মনসুর আহমেদ। তিনি বন্দর কর্মচারী পরিষদের সহসভাপতি। বন্দর কর্মচারী পরিষদের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম সেলিমও স্থান পেয়েছেন এ তালিকায়। তিনি নৌ বিভাগের তৃতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার।
বন্দর কর্মকর্তাদের বিদেশ সফরের জন্য অফিস আদেশ জারি করেছেন বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক। উচ্চ প্রযুক্তির প্রকল্পের প্রশিক্ষণে কীভাবে স্যানিটারি পরিদর্শক বিদেশে গেলেন, এ বিষয়ে জানতে চাইলে গত বুধবার তিনি প্রথম আলোকে বলেন, নৌ বিভাগ থেকে কারা প্রশিক্ষণ নেবেন, তাঁদের নাম উল্লেখ করে প্রস্তাব পাঠানোর পর মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর বন্দর থেকে অফিস আদেশ ইস্যু করা হয়েছে। বিদেশ সফরের ব্যয়ভার বহন করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
বন্দর সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলের থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান হল্যান্ড ইনস্টিটিউট অব ট্রাফিক টেকনোলজি বিভি (এইচআইটিটি)। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানটি এই ব্যয় নির্বাহ করলেও পরোক্ষভাবে এই টাকা পরিশোধ করেছে বন্দর। কারণ, দরপত্রের সময় ঠিকাদারেরা এই খরচ হিসাব করে দরপত্র জমা দেন।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দর কর্মচারী পরিষদ থেকে নেতাদের বিদেশ সফরের তালিকায় রাখার জন্য চাপ দিয়ে আসছিল। সে জন্য এবার কর্মচারী পরিষদ থেকে দুজনকে এ তালিকায় রাখা হয়।
জানতে চাইলে বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কর্মচারী পরিষদের পাঁচ-সাতজন নেতাকে আমরা শুধু বিদেশি বন্দর পরিদর্শনের জন্য প্রস্তাব দিয়েছিলাম কর্তৃপক্ষের কাছে। নৌ প্রকল্পের প্রশিক্ষণের জন্য বিদেশ সফরের প্রস্তাব দিইনি।’
বন্দর সূত্র জানায়, বন্দর জলসীমায় জাহাজ চলাচল তদারকিতে ৪৪ কোটি টাকার এই প্রকল্প হাতে নেওয়া হয়। তবে প্রকল্প বুঝে নেওয়ার আগে গত বছর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সম্প্রতি প্রকল্পটি বন্দর কর্তৃপক্ষ বুঝে নেয়।