নৌবন্দরগুলো ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ
নৌপরিবহন ও নৌবন্দরগুলো ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রধানদের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক বলেন, বিভিন্ন পাবলিক প্লেস, নৌবন্দর, লঞ্চঘাট এবং পাবলিক পরিবহন, বিশেষ করে লঞ্চে অসংখ্য যাত্রী পরোক্ষ ধূমপানের শিকার হন। তাঁদের রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, নৌবন্দরগুলোতে বিভিন্ন স্থানে বড় এলইডি মনিটর স্থাপন করা হচ্ছে। সেগুলোতে বিভিন্ন সচেতনতামূলক সচিত্র বার্তা প্রদান করা হবে। তামাকবিরোধী সচিত্র বার্তা বা ভিডিও ক্লিপস প্রচার করা হবে। এ ছাড়া বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক বড় বড় সভা আয়োজনের মাধ্যমে নৌপরিবহন ও নৌবন্দরগুলো ধূমপানমুক্ত করা হবে।
সভায় বিআইডব্লিউটিএর সদস্য (ইঞ্জিনিয়ারিং) ও যুগ্ম সচিব মো. গোলাম মোস্তফা, সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম, সদস্য (প্লানিং ও অপারেশন) ও যুগ্ম সচিব মো. নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।