নৌবন্দরের জমিতে পৌরসভার সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে নৌবন্দরের তীর দখল করে পাকা সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নৌবন্দরের পক্ষ থেকে পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও কাজ বন্ধ করা হচ্ছে না।
বরগুনা নৌবন্দরের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি ছাড়াই খাকদোন নদের তীরভূমিতে পৌর কর্তৃপক্ষ ঠিকাদার দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করে। তারা এ কাজ বন্ধের জন্য ১৩ জুন পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছে। তবে গতকাল মঙ্গলবারও সড়ক নির্মাণের কাজ বন্ধ হয়নি।
নৌবন্দরের কর্মকর্তারা বলেন, খাকদোনের দুই পারে অবৈধ দখল উচ্ছেদ না করায় এমনিতেই নদটি নাব্যতা হারাচ্ছে। শহরের চরকলোনি সেতু থেকে পোটকাখালী পর্যন্ত নদের দুই পারে বিআইডব্লিউটির নির্ধারিত সীমানায় অন্তত দুই হাজার অবৈধ স্থাপনা রয়েছে। এসব দখলদার উচ্ছেদ না করায় বরগুনাবাসী নদীবন্দরের সুফল পাচ্ছে না। এর মধ্যে শহরের কাঠপট্টি এলাকায় নদটির তীরভূমি দখল করে পাকা সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়ন হলে নদটি আরও সংকুচিত হয়ে পড়বে এবং দখলদারদের নদ দখলের পথ সুগম করবে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ২০০৪ সালের ১৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মানিক চন্দ্র দে বরগুনা নদীবন্দরের অনুকূলে খাকদোন নদের সীমানা নির্ধারণ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। এতে নদটির পূর্বদিকে চরকলোনি এলাকার সেতু থেকে পশ্চিমে কোরক পর্যন্ত সীমানা নির্ধারণ করা হয়। প্রজ্ঞাপনে নদের দক্ষিণ পাশে জোয়ারের সর্বোচ্চ স্তর থেকে তীরের ৫০ মিটার পর্যন্ত জমি নৌবন্দরের বলে উল্লেখ করা হয়।
নৌবন্দরের কর্মকর্তারা বলেন, নদীবন্দরের নামে সীমানা নির্ধারণ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরও ২০১২ সালের ৬ মে নদীবন্দরের পশ্চিম পাশে কাঠপট্টি এলাকায় নদের মাঝ-বরাবর প্রায় এক একর জমি ভরাট করে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির নামে বন্দোবস্ত দেয় উপজেলা ভূমি প্রশাসন। বর্তমানে ওই জমিতে পৌরসভা থেকে সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়। বেশ কয়েকজন অবৈধ দখলদার নদের তীরভূমি দখলে নিয়ে সেখানে প্রাচীর নির্মাণ করছেন।
বরগুনা নদীবন্দরের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, নদের অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। নাব্যতা রক্ষার জন্য এই তালিকা অনুযায়ী অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে।
বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন আহমেদ বলেন, ‘ওই জমি নদীবন্দরের তা জানা নেই। যদি তাদের হয় তবে আমরা কাজ বন্ধ করে দেব।’