নৌবহরে বিএনএস সমুদ্রজয়

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো যুদ্ধজাহাজ ‘বিএনএস সমুদ্রজয়’। যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া এই জাহাজটি গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
বিএনএস সমুদ্রজয় আসা উপলক্ষে চট্টগ্রামে নৌবাহিনীর ১ নম্বর জেটিতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দরে আসার পর জাহাজটিকে অভ্যর্থনা জানান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী সূত্র জানায়, যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের ব্যবহার করা ‘কাটার জারভিস’ নামের জাহাজটি ১৯৭২ সালে হাওয়াইতে মোতায়েন ছিল। জাহাজটির ধারণক্ষমতা তিন হাজার ৩১৩ টন। এর দৈর্ঘ্য ১১৫ মিটার। এতে রয়েছে দুটি ডিজেল ইঞ্জিন ও দুটি গ্যাসচালিত টারবাইন। ১৯ নটিক্যাল মাইল বেগে এটি চলতে পারে। জাহাজে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন কামান। এটি শত্রুকে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। জাহাজের ওপরের ডেকে রয়েছে একটি হেলিকপ্টার নামার ডেক ও হ্যাঙ্গার। ডলফিন, ব্ল্যাক হক ও সি-হক শ্রেণীর হেলিকপ্টার এতে ওঠা-নামা করতে পারে।
গত ২৩ মে জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তিন ধাপে ১৯ কর্মকর্তা, ১১৪ জন নাবিকসহ ১৩০ জন সদস্য জাহাজে যোগ দেন। তাঁরা সেখানে ছয় সপ্তাহের প্রশিক্ষণ নেন। ২৬ অক্টোবর জাহাজটি সানফ্রান্সিসকো থেকে সানদিয়াগো হয়ে বাংলাদেশে যাত্রা করে।