বাংলাদেশের জলসীমা সুরক্ষার মাধ্যমে সম্পদ আহরণের বিষয়টি নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্টগার্ডকে ১৭টি উন্নত প্রযুক্তির নৌযান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।ঢাকা সফররত মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল সিসিল ডি হেনি গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায় এই মতবিনিময় হয়।সিসিল ডি হেনি বলেন, যুক্তরাষ্ট্রের পণ্যপ্রবাহ অবাধ করার স্বার্থে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়টিতে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কে এস হোসেনের সঙ্গে দেখা করেন। টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সমুদ্রে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতা প্রসঙ্গে এসব বৈঠকে আলোচনা হয়েছে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ-সহযোগিতার গুরুত্ব বোঝাতে গিয়ে সিসিল বলেন, বৈশ্বিক বাণিজ্যের পাঁচ ট্রিলিয়ন ডলার মূল্যের পণ্য মালাক্কা প্রণালি থেকে দক্ষিণ চীন পর্যন্ত পরিবহন করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের পরিমাণ এক ট্রিলিয়নের বেশি, যা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগরসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পরিবহন করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পণ্য অবাধে পরিবহনের স্বার্থেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই যুদ্ধ পরিস্থিতিতে এবং দুর্যোগ মোকাবিলায় দ্রুত মোতায়েনের লক্ষ্যে নৌবাহিনীর সামর্থ্য বাড়ানো জরুরি।সিসিল বলেন, বৈশ্বিক বাণিজ্যের পণ্যপ্রবাহ নির্বিঘ্ন করার স্বার্থে ১৯৫২ সাল থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। সামুদ্রিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশিক্ষণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহযোগিতা দুই পক্ষের সামর্থ্য বাড়াবে।এ প্রসঙ্গে ড্যান মজীনা বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক উৎপাদনকারী দেশ বাংলাদেশ তার রপ্তানির জন্য পুরোপুরি সমুদ্রের ওপর নির্ভরশীল। এ ছাড়া মানব, অস্ত্র ও মাদক পাচার রোধের পাশাপাশি সন্ত্রাসী ও দস্যুদের হাত থেকে দেশের সুরক্ষার স্বার্থে বাংলাদেশের দীর্ঘ সমুদ্র এলাকার সুরক্ষা জরুরি। আমার বিশ্বাস, একসময় বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ তেল-গ্যাস পাওয়া যাবে, যা সুরক্ষার জন্য নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ।’দুই পক্ষের মধ্যে নৌ-নিরাপত্তার ক্ষেত্রে কোনো কৌশলগত চুক্তি সই হবে কি না, জানতে চাইলে তাঁরা দুজনই নেতিবাচক উত্তর দেন।