নৌবাহিনীকে আরেকটি জাহাজ দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনীকে রাশ নামের মার্কিন কোস্টগার্ডের জাহাজটি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়া জাহাজ সমুদ্র জয়-এর সম্পূরক হিসেবে কাজ করবে রাশ। মার্কিন কোস্টগার্ডের জাহাজ জার্ভিস (সমুদ্র জয়ের পূর্ববর্তী নাম) গত বছর বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। রাশ নামের জাহাজটি ৩৭৮ ফুট দীর্ঘ, এটি সমুদ্র জয়ের মতোই বাংলাদেশ নৌবাহিনীর আরেকটি বৃহত্তম জাহাজ হিসেবে পরিণত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র জয়ের মতো রাশও গ্যাস ও ডিজেল—দু্ই ধরনের ইঞ্জিনের মাধ্যমে চলে। এতে রয়েছে একটি হেলিকপ্টার উড্ডয়নের ডেক, রিট্র্যাক্টেবল হ্যাঙ্গার এবং হেলিকপ্টার মোতায়েনে সহায়তা করার অন্যান্য ব্যবস্থা। বঙ্গোপসাগরে বাংলাদেশের যে সমুদ্রসীমারেখা চিহ্নিত হয়েছে, তা সুরক্ষায় রাশ বাংলাদেশের দক্ষতা বাড়াবে। আশা করা যাচ্ছে, আসছে বসন্তে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে যৌথ পর্যবেক্ষণের পর জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশকে এ ধরনের এক জোড়া জাহাজ দেওয়ার ব্যাপারে ড্যান মজীনার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।