নৌবাহিনীকে ১৬টি দ্রুতগতির নৌযান দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নৌবাহিনীকে প্রতিরক্ষা শ্রেণীর ১৬টি দ্রুতগতির নৌযান দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিএনএস ঈশা খাঁ নৌঘাঁটিতে এসব নৌযান নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। নৌযান হস্তান্তর অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং সমুদ্রসীমা ও সমুদ্রসম্পদ সুরক্ষার জন্য তাঁদের সরকার বাংলাদেশকে এ নৌযান সহায়তা দিয়েছে।’ নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এ নৌযানগুলো ঘণ্টায় ৪৬ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এতে রয়েছে রাডার, জিপিএস, নাইট ভিশন বাইনোকুলার, এক্সপ্লোসিভ ডিটেক্টর, যোগাযোগ সেটসহ অত্যাধুনিক ব্যবস্থা—যা অনেক নৌ-জাহাজেও নেই। এগুলো সমুদ্রসীমায় জলদস্যু দমন, মাদক চোরাচালান প্রতিরোধ, সমুদ্রসীমা ও বন্দর সুরক্ষার কার্যক্রমকে বেগবান করবে। হস্তান্তর অনুষ্ঠানে জেমস এফ মরিয়ার্টি বলেন, নৌযানগুলো বাংলাদেশের সমুদ্রসীমায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়োজিত নৌবাহিনীর যুদ্ধকালীন বিশেষ ডুবুরি ও উদ্ধার কমান্ড সোয়ার্ডসের (SWARDS) সক্ষমতা ও শক্তি বাড়াবে। বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোয়ার্ডসও সমুদ্রসীমায় সন্ত্রাস ও অপরাধ দমনে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সোয়ার্ডসের সদস্যদের পর্যাপ্ত প্রশিক্ষণেও যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনীর সহকারী চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল ফরিদ হাবিব। এ ছাড়া কমোডর নিজাম উদ্দিন ও সোয়ার্ডসের কমান্ডিং অফিসার কমোডর এম এ হাসনাত অনুষ্ঠানে বক্তব্য দেন।