নৌবাহিনীতে প্রথমবারের মতো নারী নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল খুলনার নৌঘাঁটি তিতুমীরে নৌবাহিনীর ২০১৬–এ ব্যাচে কৃতিত্বের জন্য নারী নাবিক রিপা আকতারকে ‘তিতুমীর পদক’ প্রদান করেন l ছবি: আইএসপিআর
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল খুলনার নৌঘাঁটি তিতুমীরে নৌবাহিনীর ২০১৬–এ ব্যাচে কৃতিত্বের জন্য নারী নাবিক রিপা আকতারকে ‘তিতুমীর পদক’ প্রদান করেন l ছবি: আইএসপিআর

বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো ৪৪ জন নারী নাবিক যুক্ত হয়েছেন। গতকাল সোমবার খুলনা নৌবাহিনী ঘাঁটি তিতুমীরে ২০১৬-এ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে নারী নাবিকসহ মোট ৭৭১ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগদান করলেন।
প্রথম ব্যাচ হিসেবে যোগ দিতে পেরে খুশি নারী নাবিকেরাও। তবে নারীদের জন্য এ সুযোগ আরও আগে থেকে করা উচিত ছিল বলে মনে করেন তাঁরা। গতকাল কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবীন নারী নাবিকদের কয়েকজন এ অনুভূতি ব্যক্ত করেন।
সাদিয়া শবনম নামের এক নাবিক বলেন, ‘সাদা পোশাকের নৌবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল ছোটবেলা থেকেই। তাই সুযোগ পেয়েই এখানে যোগদান করেছি। আশা করি, আমার কাজের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’
ছন্দা আফরোজ বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীতে যোগ হওয়া নারী নাবিকদের একজন হিসেবে থাকতে পেরে খুব গর্ববোধ করছি। নৌবাহিনীর চাকরিটা অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রথম ধাপে আমরা আমাদের চ্যালেঞ্জ অনেকটা পূরণ করতে পেরেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে দেশকে ভালো কিছু দেওয়ার।’
গতকাল বাংলাদেশ নৌবাহিনী-প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে নবীন নাবিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি কৃতী নবীন নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন।
নবীন নাবিকদের রাষ্ট্রের নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে নৌবাহিনী আজ একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
নৌবাহিনীর ২০১৬-এ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. আরিফুল ইসলাম পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’, মো. শাহারিয়ার আহমেদ দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং রিপা আকতার তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন।
অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোরের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।