নৌবাহিনীতে যুদ্ধজাহাজ 'আবুবকর' ও 'হায়দার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৫ সালের মধ্যে দুটি সাবমেরিন নিয়ে আসা হবে। উপকূলীয় জেলা পটুয়াখালীর রাবণাবাদ এলাকায় দেশের বৃহত্তম নৌঘাঁটি প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আজ শনিবার সকালে নৌবাহিনীর ঘাঁটি ইসা খাঁ এলাকায় চীন থেকে কেনা দুটি ০৫৩এইচ২ ফ্রিগেড বানৌজ আবুবকর ও বানৌজ আলী হায়দারের কমিশনিং অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আনুষ্ঠানিকভাবে দুটি জাহাজের নামফলক উন্মোচন করেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী আরও বলেন, নৌবাহিনীতে আগত সাবমেরিনের জন্য সাবমেরিন ঘাঁটি এবং অবকাঠামো গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণের পাশাপাশি দেশকে সমৃদ্ধশালী করার জন্য নৌবাহিনীকে সার্বিকভাবে অত্যাধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আমাদের নৌবাহিনী শুধু দেশের নয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পরিমণ্ডলের যেকোনো স্থানে ভূমিকা রাখতে সক্ষম হবে।


বিএনএস নৌঘাঁটিতে প্রধানমন্ত্রীকে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং চট্টগ্রাম নেভাল জোনের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হামিদ স্বাগত জানান। কমিশনিং অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এনামুল বারি, কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা প্রতিনিয়ত লোকচক্ষুর অন্তরালে থেকে অনেক প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করে দেশের সমুদ্র এলাকার নিরাপত্তার নিশ্চয়তা বিধান করছে। তাই অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি দক্ষ, আধুনিক ও ভারসাম্যপূর্ণ ‘ত্রিমাত্রিক নৌবাহিনী’র প্রয়োজনীয়তা অনস্বীকার্য।


দেশের বিশাল সমুদ্র এলাকায় টহল এবং পর্যবেক্ষণের সক্ষমতা বহুগুণে বেড়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংযুক্ত দুটি মেরিটাইম হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট আমাদের সমুদ্রসীমা ও সমুদ্রসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, একটি শক্তিশালী নৌবহর গঠনের উদ্দেশ্যে অত্যাধুনিক দুটি করভেট চীনে নির্মাণাধীন রয়েছে, যা ২০১৫ সালে নৌবহরে সংযোজিত হবে।


শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত কারণে বাংলাদেশের জলসীমা ও এর সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকার গুরুত্ব উপলব্ধি করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে একটি আধুনিক নৌবাহিনী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর আন্তরিক প্রচেষ্টায় ভারত থেকে দুটি পেট্রল ক্রাফট পদ্মা ও পলাশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয়। ‘আজ আরও নতুন দুটি জাহাজ সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনীতে রূপান্তরের কাজ দ্রুত এগিয়ে চলেছে’ উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া বর্তমান সরকার অতি সম্প্রতি মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে এই সেক্টরে দক্ষ জনবল তৈরিতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে।


প্রধানমন্ত্রী আশা করেন, মেরিটাইম বিশেষজ্ঞরা দেশে তাঁদের কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।

সম্প্রতি মিয়ানমারের সঙ্গে ৩৮ বছরের সমুদ্র বিরোধের অবসান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক আদালত বাংলাদেশের পক্ষে রায় দেওয়ায় দেশ বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক এলাকার আইনগত অধিকার লাভ করেছে। তিনি বলেন, সমুদ্র জয়ের এই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে ‘সমুদ্র জয়’।


প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, একই প্রচেষ্টায় এই বছরেই ভারতের সঙ্গে সমুদ্রসীমানা নিয়ে বিরোধের মীমাংসা করে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা হবে।

পরে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ বিএনএস সমুদ্র জয় এবং বিএনএস আবুবকরে আরোহণ করেন এবং যুদ্ধ সরঞ্জাম পরিদর্শন করেন।