নৌবাহিনীর জন্য আসছে দুটি করে জাহাজ ও হেলিকপ্টার
ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী থেকে বড় আকারের দুটি যুদ্ধজাহাজ (অফশোর পেট্রল ভেসেল বা ওপিভি) কিনছে বাংলাদেশ নৌবাহিনী। এতে প্রায় ৮২ কোটি টাকা ব্যয় হচ্ছে। আগামী মাসের মধ্যে জাহাজ দুটি চট্টগ্রামে পৌঁছার কথা। গত সোমবার নৌবাহিনী-প্রধান রিয়ার অ্যাডমিরাল জেড ইউ আহমেদ যুক্তরাজ্যে ব্রিটিশ নৌবাহিনীর কাছ থেকে জাহাজ দুটি আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন। এ ছাড়া আগামী বছর আনা হচ্ছে দুটি হেলিকপ্টার। নৌবাহিনীর সূত্র জানায়, এই জাহাজ দুটিতে হেলিকপ্টার অবতরণের সুবিধা রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ছোট-বড় ৭০টি যুদ্ধজাহাজ থাকলেও শুধু সবচেয়ে বড় ও আধুনিক জাহাজ ফ্রিগেট ‘বিএনএস বঙ্গবন্ধু’ ছাড়া অন্য কোনোটিতে এ সুবিধা নেই।সূত্রমতে, নতুন জাহাজ দুটির নাম দেওয়া হয়েছে ‘বিএনএস বিজয়’ ও ‘বিএনএস ধলেশ্বরী’। দুই দেশের সরকারি পর্যায়ে আলাপ-আলোচনার ভিত্তিতে এ জাহাজ দুটি কেনা হয়। আগামী বছরের মধ্যে নতুন দুটি হেলিকপ্টার নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে। এ জন্য ব্যয় হচ্ছে ১৬৩ কোটি টাকা। ‘আগস্টা ওয়েস্টল্যান্ড’ মডেলের এ ধরনের হেলিকপ্টার যোগ হলে নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। বর্তমানে নৌবাহিনীর জন্য আলাদা কোনো হেলিকপ্টার নেই। ব্রিটেনের রাজকীয় নৌবাহিনী থেকে প্রায় ৫০ কোটি টাকায় কেনা জরিপ জাহাজ ‘বিএনএস অনুসন্ধান’ গত মাসে চট্টগ্রামে এসে পৌঁছেছে। জাহাজটি বঙ্গোপসাগরের একান্ত অর্থনৈতিক এলাকার (ইইজেড) সীমা নির্ণয়, নিজ এলাকায় সামুদ্রিক সম্পদের জরিপসহ নানা কাজে ব্যবহারের সুযোগ আছে। জরিপকাজের জন্য বিশেষভাবে তৈরি (ডিজাইন সার্ভে ভেসেল) নৌবাহিনীর এটাই প্রথম জাহাজ।নৌবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগামী নভেম্বরে বিএনএস অনুসন্ধান, বিএনএস বিজয় ও বিএনএস ধলেশ্বরী—এই তিনটি জাহাজের একসঙ্গে আনুষ্ঠানিকভাবে কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য নৌবাহিনী যাবতীয় প্রস্তুতি শুরু করেছে।