নৌবাহিনীর বহরে নতুন দুটি যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌবাহিনীর বহরে যোগ হওয়া নতুন যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’। ছবি: আইএসপিআরের সৌজন্যে
নৌবাহিনীর বহরে যোগ হওয়া নতুন যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’। ছবি: আইএসপিআরের সৌজন্যে

‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ নামে দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে নৌবাহিনীর বহরে। চীনে তৈরি এই জাহাজ দুটি আজ রোববার চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আখতার হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজ দুটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও নাবিক উপস্থিত ছিলেন।

করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট (যুদ্ধজাহাজ) দুটির দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ১১.৪ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। আধুনিক ক্ষমতা সম্পন্ন জাহাজ দুটি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশে সাবমেরিনে আঘাত হানতে সক্ষম। জাহাজ দুটির অন্তর্ভুক্তির ফলে বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা এবং মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকসমূহে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১৩ সালের ৭ জানুয়ারি জাহাজ দুটির নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ ৩৫ মাস শেষে চীন বাংলাদেশ নৌবাহিনীর কাছে এগুলো হস্তান্তর করে। গত বছরের ২৬ ডিসেম্বর জাহাজ দুটি চীনের কুইডং বন্দর থেকে যাত্রা শুরু করে ‘ইয়ানতিয়ান’ বন্দর ও মালয়েশিয়ার ‘ক্লাং’ বন্দর হয়ে প্রায় ৮ হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে বাংলাদেশে এসে পৌঁছায়।