নৌবাহিনীর যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম বন্দরের অদূরে নৌঘাঁটিতে আজ মঙ্গলবার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়।
নৌবাহিনী, বন্দর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বেলা দুইটা পাঁচ মিনিটে নৌঘাঁটি ফ্লোটিলায় অবস্থানরত ‘বিএনএস ওমর ফারুক’ জাহাজের রান্নার কক্ষ থেকে আগুনের সূত্রপাত। তাত্ক্ষণিকভাবে নৌবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পরে আরও যুক্ত হয় বন্দরের কান্ডারি-২ ও কান্ডারি-১০ নামের দুটি টাগবোট, নৌবাহিনীর দুটি জাহাজ এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বেলা তিনটা ২৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় তারা। আগুনে জাহাজটির রান্নার কক্ষের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, ‘নৌবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের গাড়ি নিলেও ব্যবহারের দরকার হয়নি। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ হয়নি।’
জানা গেছে, নৌঘাঁটি ফ্লোটিলায় কোনো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় পদ্ধতি রয়েছে। তবে আগুনের মাত্রা বেশি না হওয়ায় এই পদ্ধতির প্রয়োগের দরকার হয়নি।
দুর্ঘটনার শিকার ‘বিএনএস ওমর ফারুক’ নৌবাহিনীর প্রথম রণতরি। যুক্তরাজ্য থেকে ১৯৭৭ সালে এটি নৌবাহিনীতে যুক্ত হয়। প্রায় ১০৩ মিটার লম্বা এ জাহাজটি এখন মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার হয়।