ফেনসিডিল বহনের অভিযোগে গত শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল সেতু এলাকা থেকে নৌবাহিনীর এক সদস্যকে আটক ও একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁরা হলেন জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের জালালউদ্দিন মোল্যার ছেলে নৌবাহিনীর কুক মো. শাহীন উল্যাহ (২৬) ও দাঁতনেখালী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে বুড়িগোয়ালিনী ইউপির সদস্য হায়দার আলী (৩০)।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সুরেশ হালদার জানান, শুক্রবার রাত আটটার দিকে শহরতলির বাঁকাল সেতুর ওপর একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের আরোহীদের কাছে থাকা একটি ব্যাগ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার এবং তাঁদের আটক করা হয়। নৌবাহিনীর কুক মো. শাহীন উল্যাহ ঢাকা হেড কোয়ার্টারে কর্মরত (বিএনএস হাজী মহসিন)। তাঁর পরিচয়পত্রের এক পাশে ছবিসহ লেখা রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওপরে লেখা রয়েছে বাংলাদেশ নেভি। আইন অনুযায়ী তাঁকে নৌবাহিনীর খুলনার খালিশপুর দপ্তরে পাঠানো হবে। ইউপি সদস্য হায়দার আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।হায়দার আলী বলেন, শাহীন উল্যাহকে ঢাকাগামী গাড়িতে তুলে দেওয়ার জন্য তিনি সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথে শাহীন দেবহাটা উপজেলার বহেরা এলাকা থেকে দুই বোতল ফেনসিডিল কেনেন। তবে শাহিন উল্যাহ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।