নৌবিহারে ৩২ দেশের ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শুরু হওয়া ৩৮তম প্রশান্ত মহাসাগরীয় সেনাব্যবস্থাপনা সেমিনারে (প্যামস-৩৮) অংশ নিতে আসা ৩২টি দেশের ঊর্ধ্বতন সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা আজ সোমবার পদ্মা ও মেঘনা নদীতে নৌবিহারে গেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটের ব্যবস্থাপক আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন ওই সেনা কর্মকর্তারা ঢাকা থেকে সড়কপথে আজ সকাল নয়টার দিকে মাওয়া ঘাটে আসেন। এরপর তাঁরা সেনাবাহিনীর জাহাজে করে নৌবিহারে বের হন। পদ্মা নদী পরিদর্শন করে চাঁদপুরের মেঘনা পর্যন্ত তাঁদের যাওয়ার কথা রয়েছে।

আশিকুজ্জামান বলেন, নৌবিহারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা রয়েছেন। বিকেল তিনটার দিকে মাওয়া ঘাটে তাঁদের ফিরে আসার কথা। এরপর তাঁরা আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

নৌবিহার উপলক্ষে কয়েক দিন আগে থেকে মাওয়া ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অতিথিদের স্বাগত জানাতে ঘাট এলাকা সাজানো হয়।

গতকাল রোববার থেকে ঢাকায় প্যামস-৩৮ শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় সেনা কমান্ড যৌথভাবে চার দিনের এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের প্রতিপাদ্য ‘এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নব দৃষ্টি: স্থলবাহিনীর সুযোগ ও সম্ভাবনা’।

সীমানাবিহীন নানা হুমকি মোকাবিলায় ৩২টি দেশের ঊর্ধ্বতন সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান আর কৌশলবিনিময় করতে বাংলাদেশে এসেছেন।

এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সেনাবাহিনীর স্থলবাহিনীর কর্মকর্তাদের (লেফটেন্যান্ট কর্নেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বা সমমান) অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি ক্ষেত্র প্যামস। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এর উদ্যোক্তা।

১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে প্রথম প্যামস অনুষ্ঠিত হয়। এতে নয়টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে ১৯৯৪ সালে বাংলাদেশে সর্বশেষ প্যামস অনুষ্ঠিত হয়েছিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া), ভারত, চীনসহ ৩২টি দেশের প্রতিনিধিরা এবারের সেমিনারে অংশ নিচ্ছেন। এ ছাড়া ভানুয়াতু, টোঙ্গা, মালদ্বীপ, পাপুয়া নিউগিনির মতো দ্বীপরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের দেখা দেখা গেছে প্যামসের মিলনমেলায়।