নৌবিহারের লঞ্চ থেকে মাদক উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ১৮
মদ-বিয়ার, গাঁজা নিয়ে নৌবিহারে যাওয়ার সময় গতকাল শুক্রবার ১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পুলিশ। কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে লঞ্চ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আধা কেজি গাঁজা, ১৪৪ ক্যান বিয়ার ও আট বোতল মদ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কামরাঙ্গীরচর থানা যুবদলের সভাপতি মো. নাঈমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী রয়েছেন। বিকেলে ওই এলাকায় মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদে কামরাঙ্গীরচর থানা বিএনপির একটি অংশ আজ শনিবার এলাকায় হরতাল আহ্বান করেছে। তবে সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সভাপতি নাঈমের অপকর্মের সঙ্গে মূল দল বিএনপির কোনো সম্পর্ক নেই। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি শনিবার কামরাঙ্গীরচরে হরতাল ডেকেছে মর্মে কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরউল্লাহ প্রথম আলোকে বলেন, খবর আসে, বিভিন্ন ধরনের মাদক, মদসহ একদল লোক খোলামোড়া ঘাট থেকে লঞ্চে করে নৌবিহারে যাচ্ছে। পুলিশ সেখানে গিয়ে ওই লঞ্চে উঠতে গেলে লঞ্চ থেকে বিয়ারের ক্যান ও মদের বোতল পানিতে ফেলা হতে থাকে। পরে পুলিশ গাঁজা, মদ, বিয়ারসহ ১৮ জনকে গ্রেপ্তার করে।স্থানীয় লোকজন জানান, কামরাঙ্গীরচর এলাকার ঘাটগুলো থেকে প্রায়ই কিছু লোক নৌবিহারের আয়োজন করে। এতে অংশ নিতে মোটা টাকা দিয়ে টিকিট কাটতে হয়।