নৌভ্রমণে গিয়ে নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার

বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর বদরুজ্জামান সাগর (২৪) নামের আমেরিকা-প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেঘনা নদীর নরসিংদী সদর উপজেলার করিমপুর বাউশিয়া এলাকায় মৃতদেহটি ভেসে ওঠে। সকাল সাতটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ তাঁর বন্ধু রাজিব এবং দুজন বান্ধবী ও নৌকার মাঝিকে গ্রেপ্তার করেছে। সাগরের ছোট বোন সুমনা আক্তার গতকাল নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন। ওই দুই বান্ধবী নরসিংদী সরকারি কলেজের দর্শন বিভাগের সমঞ্চান প্রথম বর্ষের ছাত্রী। রাজিব একই কলেজের বিবিএর শেষ বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ডিবি লটারি পেয়ে সাগর যুক্তরাষ্ট্রে যান। আড়াই মাসের ছুটি নিয়ে গত ৮ ডিসেম্বর রাজিব দেশে আসেন। মঙ্গলবার তাঁর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল। রাজিব রোববার সাগরকে নিয়ে নৌকাভ্রমণ করতে নরসিংদী যান। সেখানে তাঁদের সঙ্গী হন রাজিবের বন্ধু রুবিনা ও তানিয়া।
পুলিশ হেফাজতে সাগরের দুই বান্ধবী জানান, রাজিবের মাধ্যমে দুই মাস আগে সাগরের সঙ্গে তাঁদের পরিচয় হয়। এর আগে আরও দুবার তাঁরা নৌকাভ্রমণে গিয়েছিলেন। এবার গিয়ে গোসল করতে রাজিব প্রথমে নদীতে নামেন। পরে নামেন সাগর। কিছুক্ষণ পর সাগর নিখোঁজ হন।
সাগরের মা বিউটি বেগম বলেন, সাগরের বাবা প্রায় ১৭ বছর ধরে কুয়েত-প্রবাসী। তিনি আরও একটি বিয়ে করেন। সাগরের সৎ মায়ের বাড়ি আর রাজিবের বাড়ি পাশাপাশি। তাঁর ধারণা, পরিকল্পিতভাবে সাগরকে হত্যা করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।