নৌমন্ত্রীর আক্রমণের লক্ষ্যবস্তু গণমাধ্যম ও নাগরিক সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন খাতের মালিক-শ্রমিকদের স্বার্থ রক্ষার সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে পড়েন গণমাধ্যম, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শহীদ মিনারে এই সমাবেশ হয়।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে শাজাহান খান বলেন, ‘ট্রেনে মানুষ মারা গেলে সাংবাদিকেরা বলে না ট্রেনচালক ঘাতক। নৌ-দুর্ঘটনায়ও চালকদের ঘাতক বলে না। অথচ সড়ক খাতের শ্রমিকদের ঘাতক বলা হয়।’সম্প্রতি নৌমন্ত্রীর সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে ঐক্য পরিষদ গঠন করা হয়। মন্ত্রী ওই ফেডারেশনের কার্যকরী সভাপতি। গতকালের সমাবেশে মালিক-শ্রমিকদের স্বার্থে ১১ দফা দাবি পেশ করা হয়।শাজাহান খান লেখক অধ্যাপক মুনতাসীর মামুনের নাম উল্লেখ করে বলেন, ‘আপনারা চালককে ঘাতক, খান সেনা বলেন। এটা বলে চালকদের শত্রু হিসেবে চিহ্নিত করে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংঘাতময় পরিস্থিতির সৃষ্টির চেষ্টা হচ্ছে। চালকেরা ঘাতকও নয়, খান সেনাও নয়। আমরা জনগণের সেবক।’শাজাহান খান দাবি করেন, চালকেরা ইচ্ছা করে দুর্ঘটনা ঘটান না। তাঁর ভাষায়, চালকেরা একটা কুকুরকেও মারতে চান না। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছেলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন।নৌমন্ত্রী আরও বলেন, ‘কিছু পত্রিকা, টিভি চ্যানেল, বুদ্ধিজীবী চালকদের বিরুদ্ধে প্রচার করে। তাদের উদ্দেশ্য কী, আমরা জানি না।’ তিনি অভিযোগ করেন, নাগরিক সমাজের লোকজন চালকদের বিরুদ্ধে ১০০ লোক নিয়ে মানববন্ধন করলেও ফলাও করে তা প্রচার করা হয়।নৌমন্ত্রী বলেন, দুর্ঘটনার পর চালকদের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৩০২ ধারায় মামলা দেওয়া যাবে না। সড়ক দুর্ঘটনার জন্য ৩০৪-এর খ ধারায় মামলা দিতে হবে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।নৌমন্ত্রী হয়েও পরিবহন খাতে উপস্থিতি নিয়ে যে সমালোচনা হচ্ছে, সে বিষয়ে শাজাহান খান বলেন, পরিবহনশ্রমিকদের জন্য আত্মাহুতি দিতে হলেও তিনি পিছপা হবেন না। তিনি দাবি করেন, পরীক্ষা ছাড়া ২৪ হাজার লাইসেন্স দেওয়ার কথা তিনি বলেননি। শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক যাঁদের চালক হিসেবে চেনেন এবং সনদ দিয়েছেন, তাঁদেরই মাঠ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা দিয়ে লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে। পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়ার সুপারিশের বিষয়টি প্রমাণ করতে পারলে তিনি ক্ষমা চাইবেন বলে জানান। আর প্রমাণ করতে না পারলে গণমাধ্যম ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না।গতকালের সমাবেশে সভাপতিত্ব করেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি ১১ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ফেডারেশনের তালিকা ধরে মৌখিক ও মাঠ পরীক্ষার ভিত্তিতে লাইসেন্স দেওয়া, চালকদের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৩০২ ধারায় মামলা দায়ের বন্ধ করা, চালকদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট স্থাপন করা, যানবাহনের টায়ারসহ খুচরা যন্ত্রাংশের দাম কমানো। এসব দাবি আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়।সমাবেশে আরও বক্তব্য দেন মশিউর রহমান, আবদুর রহিম বখশ, সাদিকুর রহমান, রুস্তম আলী খান, রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ। অধিকাংশ বক্তা গণমাধ্যম ও নাগরিক সমাজের সমালোচনা করে বক্তব্য দেন।