নৌমন্ত্রীর কাছে বহিষ্কারের প্রমাণ চেয়েছেন রফিকুল
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কাছে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার প্রমাণপত্র চেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ‘প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব, আর যদি না পারেন, আপনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।’‘বেয়াদবির কারণে’ রফিকুল ইসলাম মিয়াকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল—নৌপরিবহনমন্ত্রীর এ বক্তব্যের জবাবে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন।নৌমন্ত্রীর অশালীন বক্তব্য ও হুমকির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত গণতান্ত্রিক জোট।বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে রফিকুল ইসলাম মিয়ার চোখ তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে এক আইনজীবীর দায়ের করা মামলা আদালত গ্রহণ না করার সমালোচনা করেন রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ‘অথচ প্রধানমন্ত্রীর সমালোচনা করে বক্তব্য দেওয়ায় আমার বিরুদ্ধে ১৯টি মামলা দেওয়া হয়েছিল।’রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘শাজাহান খান যথার্থই বলেছেন, আমি তাঁকে চিনি না। যাঁরা চক্ষু ওঠানোর রাজনীতি করেন, মন্ত্রীর শপথ নিয়ে অন্যকে হত্যা করতে চান, এ জাতীয় চরিত্রবান লোকদের আমি চিনতে চাই না। এ ধরনের অসভ্য, লুটেরা ও সন্ত্রাসীরা রাজনীতি ছেড়ে চলে যাক, এটাই আমি চাই।’