নৌমন্ত্রীর তালিকা অনুযায়ী লোক নিয়োগের অভিযোগ মহিউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌমন্ত্রী শাজাহান খানের তালিকা অনুযায়ী চট্টগ্রাম বন্দরে লোক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী।গতকাল সোমবার বন্দরের ৪ নম্বর গেটের সামনে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে নৌমন্ত্রী ছাড়াও বন্দর চেয়ারম্যানের সমালোচনা করেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের বিরুদ্ধেও কথা বলেন মহিউদ্দিন।সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নৌমন্ত্রী আমার সরকারের লোক। কিন্তু তাঁর তালিকা অনুযায়ী লোক নিয়োগ মানতে পারি না। টাকার বিনিময়ে নয়, যোগ্যতা অনুযায়ী বন্দরে লোক নিয়োগ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জাহাজে পাহারাদার নিয়োগের জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু বন্দর কর্তৃপক্ষ সেটি মানেনি। এখন তাদের (বন্দর কর্তৃপক্ষ) বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।’মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে বন্দরে লোক নিয়োগ এবং আদালতের রায় বাস্তবায়নের জন্য আগামী ১ ডিসেম্বরের মধ্যে সময়সীমা বেঁধে দিলাম। অন্যথায় লালদীঘি মাঠে সমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের জহুর আহমদ। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা বেলায়েত হোসেন, খোরশেদ আলম সুজন, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বন্দর রক্ষা পরিষদের সদস্যসচিব রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদকে উদ্দেশ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লোক নিয়োগে কারও প্ররোচনায় চলবেন না। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে রায় বাস্তবায়ন করুন।’ চট্টগ্রাম বন্দরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড তারেক জিয়ার ব্যবসায়িক অংশীদার হিসেবে অভিযোগ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির বন্দরে ছয় চাকার কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র সরবরাহ করার কথা ছিল, কিন্তু চার চাকার যন্ত্র সরবরাহ করেছে। তিনি বলেন, ‘বন্দর নিয়ে চক্রান্ত করায় এই প্রতিষ্ঠানকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’