নৌমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির করতে গিয়ে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির করায় মো. শাহাবুদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মতিঝিল থানার পুলিশ। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সমুদ্র পরিবহন অধিদপ্তর (ডস) সূত্র জানায়, একটি তদবিরবাজ চক্রের সঙ্গে যোগসাজশে শাহাবুদ্দিন কয়েক দিন আগে অভ্যন্তরীণ নৌযানের তৃতীয় শ্রেণীর মাস্টারশিপ পরীক্ষায় একজন প্রার্থীকে পাস করিয়ে দেওয়ার জন্য প্রথমে টাকার প্রলোভন দেখান। কিন্তু সংশ্লিষ্ট পরীক্ষক ক্যাপ্টেন জসিম উদ্দীন সরকার এতে রাজি না হওয়ায় গতকাল শাহাবুদ্দিন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নাম ভাঙিয়ে তাঁর প্রার্থীকে পাস করিয়ে দিতে মহাপরিচালকের ওপর চাপ প্রয়োগ করেন। এ সময় তাঁকে আটক করে মতিঝিল থানায় খবর দেওয়া হয়। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জোবায়ের আহমদ জানান, শাহাবুদ্দিন অধিদপ্তরের একটি তদবিরবাজ চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় অধিদপ্তরের আইন কর্মকর্তা পারভীন সুলতানা মতিঝিল থানায় এজাহার দায়ের করেছেন।