নৌমন্ত্রীর নির্দেশে দিঘি ভরাট বন্ধ বরিশালে

নৌমন্ত্রী শাজাহান খানের নির্দেশে বরিশাল নগরের বধ্যভূমি এলাকার ঐতিহ্যবাহী দিঘিটি ভরাটের কাজ বন্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভরাট বন্ধের দাবিতে তাঁকে স্মারকলিপি দেওয়ার পর তাৎক্ষণিকভাবে মন্ত্রী এ নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বধ্যভূমির সৌন্দর্য রক্ষা ও ঐতিহ্যবাহী প্রায় সাড়ে পাঁচ একর দিঘিটি ভরাট বন্ধের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে বরিশালবাসীর পক্ষ থেকে সার্কিট হাউসে নৌমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরপর নৌমন্ত্রী জেলা প্রশাসককে ওই দিঘি ভরাট বন্ধের নির্দেশ দেন। এরপরই জেলা প্রশাসক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে নদী থেকে বালু উত্তোলন ও দিঘি ভরাটের কাজ বন্ধ করে দেন।
জানতে চাইলে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বধ্যভূমি রক্ষা এবং দিঘি যাতে ভরাট না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওখানে দিঘি ভরাটের কোনো ধরনের ছাড়পত্র জেলা প্রশাসনের কাছে আসেনি। তাই ওই দিঘি ভরাট করা যাবে না।
আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে দিঘিটি প্রায় এক সপ্তাহ ধরে ভরাট করা হচ্ছিল। এর প্রতিবাদে বরিশালবাসী আন্দোলন করে আসছিল। গত বুধবারও ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ডাকে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
এ ছাড়া গতকাল সকালে পুকুর ভরাট বন্ধের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশালের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীরপ্রতীক অতিরিক্ত জেলা হাকিম আদালতে মামলা করেন। ওই মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনকে নির্দেশ দিয়েছেন আদালত।