নৌমন্ত্রীর পদত্যাগ চেয়ে জার্মানিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির বন শহরে কেন্দ্রস্থল মুনস্টার স্কয়ারে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা মানববন্ধন করে। ছবি: সংগৃহীত
জার্মানির বন শহরে কেন্দ্রস্থল মুনস্টার স্কয়ারে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা মানববন্ধন করে। ছবি: সংগৃহীত

জার্মানির বন শহরের কেন্দ্রস্থল মুনস্টার স্কয়ারে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশ ও মানববন্ধন থেকে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করছে জার্মানির বনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা। নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিরা শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতার প্রতি একমত প্রকাশ করে বলেন, সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। সড়কে যানবাহনের মান নিয়ন্ত্রণে সরকারের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়। এই খাতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

প্রবাসী সাংবাদিক অমৃতা পারভেজ বলেন, নিরাপদ সড়ক প্রতিটি মানুষের সাধারণ অধিকার। এর জন্য আমাদের আন্দোলন করতে হবে কেন? এটা তো নাগরিক হিসেবে আমাদের পাওনা। শিক্ষার্থীরা অধিকারের আদায়ের জন্য রাজপথে নেমেছে। আমরা যারা এখানে কর্মসূত্রে বা শিক্ষাসূত্রে প্রবাসে আছি, তারা এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে আজকে সমবেত হয়েছি।

গবেষক মারুফ মল্লিক বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে ত্রুটি রয়েছে। এ কারণে বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি বাসা বেঁধেছে। আজকে শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে এসব ত্রুটি আমাদের দেখিয়ে দিয়েছে। এই সব শিক্ষার্থীরা এটিও আমাদের দেখিয়েছে কীভাবে ভাঙচুর না সুশৃঙ্খলভাবে আন্দোলন করা যায়।

বন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক অধ্যাপক মোহাম্মদ শামীম বলেন, আজকে স্কুলগামী বাচ্চারা পথে নেমে এসেছে। কখন স্কুলগামী বাচ্চাদের পথে নেমে আসতে হয়? ওরা নিরাপদে স্কুলে যেতে পারছে না। বাসায় ফিরতে পারছে না। আমার তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছি না। এটা আমাদের জন্য বিশাল ব্যর্থতা।

ড. আবুল কালাম আজাদ বলেন, পুলিশের ডিআইজির চালকের গাড়ি চালনার লাইসেন্স নেই। একটি স্বাধীন সার্বভৌম দেশের পুলিশের এত বড় কর্তার গাড়ি চালকের লাইসেন্স নেই। সেখানে সাধারণ মানুষের লাইসেন্স থাকবে এটা আমরা আশা করতে পারি না।

অধ্যাপক সাইমুম পারভেজ বলেন, বিভিন্ন দেশে ভ্রমণ করার সূত্রে আমি যতটুকু দেখেছি, কোনো দেশের সম্পদের সীমাবদ্ধতা থাকলেও যদি সে দেশের মানসিকতা বিশেষ করে রাজনৈতিক নেতাদের মানসিকতা ঠিক থাকে তবে পরিবহন খাত সুশৃঙ্খল করা সম্ভব।

বন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ হোসেন বলেন, পরিবহন খাত কারা নিয়ন্ত্রণ করে এটি আমাদের খতিয়ে দেখতে হবে। এর সঙ্গে বিশাল বড় এক মাফিয়া গোষ্ঠী জড়িয়ে আছে। এ কারণেই এ খাতে শৃঙ্খলা আনা যায় না। এই মাফিয়াদের কারা মদদ দেয় তা বের করতে হবে।

বন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পিএইচডি গবেষক আমৃত কুমার সংহতি জানিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে তিনি বলেন, শিশুদের ওপর হামলা করা খুবই ন্যক্কারজনক ঘটনা। সড়ক দুর্ঘটনা দক্ষিণ এশিয়ার একটি বড় সমস্যা। প্রতিনিয়তই কোথাও না কোথায় সড়ক দুর্ঘটনা ঘটছে। কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্যি যে আমাদের সরকারগুলো এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসমাইল হোসেন সিরাজি, সেতুল মোনা শুকতারা। সমাবেশটি পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক অনুপম কুমার। বন ও এর আশপাশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন।