মুন্সিগঞ্জে মেঘনা নদীতে এমভি শরীয়তপুর-১ লঞ্চডুবির ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল রোববার পর্যন্ত মন্ত্রীর ঘোষিত অর্থ পাননি নিহত ব্যক্তিদের স্বজনেরা।এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রশাসনে কোনো নির্দেশনাও আসেনি। জেলার নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘নৌমন্ত্রী লঞ্চ দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।’ গত সোমবার দিবাগত রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চররমজানবেগ এলাকায় মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় এমভি শরীয়তপুর-১ নামের লঞ্চ। পরদিন মঙ্গলবার নৌমন্ত্রী শাজাহান খান মুন্সিগঞ্জে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির প্রত্যেক পরিবারকে ৩০ হাজার ও একাধিক সদস্যের পরিবারকে ৪৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। মন্ত্রী পরে নড়িয়া উপজেলার সুরেশ্বর ঘাটে এসে নিহত ব্যক্তির স্বজনদের সান্ত্বনা দেন এবং আর্থিক সহায়তা ঘোষণা দেন। তবে সেখানে তিনি দুর্ঘটনায় নিহত একাধিক সদস্যের পরিবারকে ৪৫ হাজার টাকার বদলে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।বিএনপির সহায়তা: নড়িয়ার গোলার মাঠে গতকাল সকালে স্থানীয় বিএনপির উদ্যোগে দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে সেখানে মিলাদ মাহফিল হয়। এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সদস্য কে এম হেমায়েত উল্যাহ আওরঙ্গ ও জামাল শরীফ। ওই সময় বিএনপির পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৪০ পরিবারকে পাঁচ থেকে ১০ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া ওই দুর্ঘটনায় বাবা-মা হারানো পাঁচ শিশুর লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন বিএনপির নেতারা।দুপুর ১২টার দিকে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সুরেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি গায়েবানা জানাজা হয়। এরপর নিহত ব্যক্তিদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার শওকত আলী। এখনো নিখোঁজ ৬: শরীয়তপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, লঞ্চ দুর্ঘটনায় এখনো জেলার ছয় ব্যক্তি নিখোঁজ। তাঁরা হলেন: নড়িয়ার সুরেশ্বর গ্রামের আফজাল (৩১), ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের নিলয় (২), মহিষার গ্রামের রফিক বন্দুকছি (৫০), কাজলকোট গ্রামের তবলু হাওলাদার (৪৫), চরচান্দা মুন্সীকান্দি গ্রামের রাজন (২০) ও চরহোগলা গ্রামের তোফাজ্জল (৩)।এদিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ থেকে ভেদরগঞ্জের চরপায়াতলি গ্রামের সাইফুল ইসলামের (৩৫) লাশ শনাক্ত করে নিয়ে গেছেন তাঁর স্বজনেরা। মর্গে এখনো তিনজনের লাশ রয়েছে। ভেদরগঞ্জের পুটিয়া গ্রামের পিয়ারা বেগম বলেন, ‘লঞ্চ দুর্ঘটনায় আমাদের পরিবারের ১০ সদস্যকে হারিয়েছি। এর মধ্যে নয়জনের লাশ উদ্ধার হয়েছে। আমার ভাতিজা নিলয়কে এখনো পাইনি। দুর্ঘটনায় নিলয়ের মা-বাবাও মারা গেছে।’দুর্ঘটনায় গত শনিবার পর্যন্ত ১৪৭ লঞ্চযাত্রীর লাশ উদ্ধার করা হয়। লাশ পাওয়ার আশায় গতকালও গজারিয়ায় মেঘনার তীরে নিখোঁজ যাত্রীদের কয়েকজন স্বজন অপেক্ষা করেন। তবে কোনো লাশ মেলেনি।মালবাহী জাহাজ শনাক্ত হয়নি: শরীয়তপুর-১ লঞ্চকে কোন মালবাহী জাহাজ ধাক্কা মেরেছিল, তা গতকাল পর্যন্ত বের করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘মালবাহী জাহাজ শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ লাশ উদ্ধার প্রসঙ্গে ওসি বলেন, গতকাল কোনো লাশ ভেসে ওঠেনি। উদ্ধার তৎপরতা আজও অব্যাহত থাকবে।