মানহানি ও হত্যাচেষ্টার অভিযোগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলমের বিরুদ্ধে করা নালিশি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ইসরাফিল আলম শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।ঢাকা আইনজীবী সমিতির সদস্য শামীম কবির চৌধুরী গতকাল মঙ্গলবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি নেন। আরজিতে অভিযোগ করা হয়, ২৩ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার চোখ তুলে নেবেন বলে হুমকি দেন নৌমন্ত্রী শাজাহান খান। কিন্তু বাদী সংক্ষুব্ধ ব্যক্তি না হওয়ায় বিকেলে আদালত মামলাটি খারিজ করেন।আরজিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসের উপস্থাপনায় ‘ঈদে ঘরে ফেরায় যাত্রীদের দুর্ভোগ’ নিয়ে ওই টক শোতে তর্কে জড়ান শাজাহান খান ও রফিকুল ইসলাম মিয়া। রফিকুল ইসলাম একপর্যায়ে শাজাহান খানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি নিজেকে কী মনে করেন?’ এতে শাজাহান খান আরও ক্ষিপ্ত হন এবং রফিকুল ইসলাম মিয়ার চোখ তুলে নেওয়ার হুমকি দেন।আরজিতে আরও বলা হয়, একপর্যায়ে শাজাহান খান চারদলীয় জোট সরকারের সবেক মন্ত্রী মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় সম্পর্কে মানহানিকর উক্তি করলে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আমাদের সময় দুর্নীতি আর চাঁদাবাজি বেশি হয়েছে, নাকি এখন বেশি হচ্ছে? দেশের মানুষ তো আপনাদের এখন চোর বলছে।’ অনুষ্ঠান শেষে রফিকুল ইসলাম মিয়া বের হওয়ার সময় শাজাহান খান চোখ তুলে নেওয়ার হুমকি দেন। এ সময় ইসরাফিল আলমও রফিকুল ইসলামকে হুমকি দেন।বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, হোসেন আলী খান হাসান প্রমুখ।