নৌযাত্রা চালান দৃষ্টিপ্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধীরা নিজেরাই নৌকা চালাচ্ছেন। পোল্যান্ডের সিয়েমিয়ানোকা হ্রদ থেকে গত রোববার তোলা ছবি l এএফপি
দৃষ্টিপ্রতিবন্ধীরা নিজেরাই নৌকা চালাচ্ছেন। পোল্যান্ডের সিয়েমিয়ানোকা হ্রদ থেকে গত রোববার তোলা ছবি l এএফপি

দৃষ্টিত্রুটি নিয়ে জন্ম হয়েছিল ওয়ালেতিনা কোজিওলের। তারপর পেরিয়ে গেছে ৫০ বছর। তিনি এখন পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি হ্রদে নৌকা (ইয়ট) চালান। এ জন্য তাঁকে কারও সাহায্য নিতে হয় না। কারণ, সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে তিনি ব্যবহার করছেন আধুনিক প্রযুক্তি।
কোজিওল বলেন, ‘আমি পাল দেখতে পাই না। শব্দ শুনেই তো বাতাসকে অনুভব করি। যদি আমার গালে ঠান্ডা লাগে এবং বাতাস খুব জোরে বয়ে চলে, আমি বুঝে নিই, ডান দিক থেকে তা প্রবাহিত হচ্ছে।’
বেলারুশ সীমান্তের কাছাকাছি সিয়েমিয়ানোকা হ্রদে নৌকা চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন কোজিওল। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পোল্যান্ডের ইমাগো মারিস ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করেছে। কোজিওলরা যে নৌকা ব্যবহার করেন, তাতে রাখা হয়েছে ব্রেইল পদ্ধতির বিশেষ মানচিত্র, অবস্থান নির্ণয়কারী (গ্লোবাল পজিশনিং সিস্টেম-জিপিএস) প্রযুক্তি, কথা বলার সফটওয়্যার এবং একটি রাডার, যা নৌকার গতি এবং দিক জানিয়ে দেয়। দৃষ্টিপ্রতিবন্ধী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিরা তাঁদের সার্বক্ষণিক সঙ্গ দেন। ইমাগো মারিসের প্রধান এওয়া স্ক্রজেক বলেন, অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, নৌচালনায় দৃষ্টিহীন এবং দৃষ্টিশক্তিসম্পন্নদের সামর্থ্যের অনুপাত সমান।
কোজিওলের মতো আরও বেশ কয়েকজন নৌকা চালনা শিখছেন। কীভাবে নৌকার পালের দড়ি শক্ত করে গিঁট দিতে হয়, যাত্রা শুরু করতে হয় এবং নৌকা ঘাটে ভিড়াতে হয় ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে তাঁদের।
দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ পিয়ত্র সোকোলস্কি বলেন, তিনি প্রথমবার পানিতে পালতোলা নৌকায় চড়েছেন। প্রথমে তাঁর মনে হচ্ছিল, নৌকাটা বুঝি উল্টেই যাচ্ছে। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, পানিতে চড়ার সময় এমন দুলুনি খুবই স্বাভাবিক ব্যাপার।
ইমাগো মারিসের প্রধান স্ক্রজেক বিশ্বাস করেন, অন্ধ এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য নৌকা চালানো অত্যন্ত উপকারী। প্রশিক্ষকেরা নৌচালনায় তাঁদের উৎসাহ দেন এবং বলেন, জীবন ফুরিয়ে যায়নি। এখনো অনেক মজার মজার কাজ তাঁদের পক্ষে করে দেখানো সম্ভব।
দৃষ্টিপ্রতিবন্ধী নাবিকদের সংগঠনগুলো শুধু পোল্যান্ডে নয়, বিশ্বজুড়েই তৎপর রয়েছে। ১৬টি আন্তর্জাতিক দলকে নিয়ে যুক্তরাষ্ট্রের লেক মিশিগানে চলতি মাসেই অনুষ্ঠিত হয়ে গেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের নৌচালনার একটি প্রতিযোগিতা। তবে পোল্যান্ড এ ব্যাপারে নিজেদের অগ্রণী বিবেচনা করে। কারণ, বাল্টিক সাগরে তারা ‘সমুদ্রদর্শন’ নামে বহু বছর ধরেই দৃষ্টিপ্রতিবন্ধীদের নৌচালনা প্রকল্প পরিচালনা করে আসছে। দেশটির উত্তরাঞ্চলীয় মাসুরিয়া এলাকার অনেক হ্রদেও এ ধরনের তৎপরতা রয়েছে। ইমাগো মারিস অন্ধদের নিয়ে আগামী মাসে ভূমধ্যসাগরে একটি বহুজাতিক নৌযাত্রার উদ্যোগ নিয়েছে। স্পেনের সমুদ্রবন্দর আলিকান্তে থেকে মাজোরকা ও আইবিজা হয়ে বার্সেলোনা পর্যন্ত ওই যাত্রায় অংশ নিতে জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের দৃষ্টিপ্রতিবন্ধী অনেকেই নাম লিখিয়েছেন। এএফপি।