নৌযান কম, জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে দক্ষিণের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে বরিশাল এসেছিলেন হাজার হাজার মানুষ। ছুটি শেষ। এবার ঢাকার কর্মস্থলে ফেরার তাড়া। যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা কম। এই সুযোগে মালিকপক্ষ বাড়তি মুনাফার লোভে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী তুলছেন। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ।গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের অনেক আগেই লঞ্চ বোঝাই হয়ে গেছে। নির্দেশ অমান্য করে সব লঞ্চের ছাদে যাত্রী ওঠানো হয়েছে। গতকাল শুক্রবার লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল আরও বেশি। বিআইডব্লিউটিসির (সরকারি) জাহাজের সংখ্যা কম থাকায় বেসরকারি লঞ্চের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। নিয়মিত সার্ভিসের পাশাপাশি শুক্রবার অতিরিক্ত লঞ্চ থাকার পরও যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খায় মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ। আটটি বিলাসবহুল লঞ্চের প্রতিটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। কেবিনের সামনের বারান্দা ছিল যাত্রীতে ঠাসা। গতকাল সুন্দরবনের একটি, কীর্তনখোলা একটি, পারাবতের দুটি, সুরভীর দুটি, কালামখানসহ আটটি বড় লঞ্চের সব কটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়। ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফেরার জন্য লঞ্চে ওঠেন মোশাররফ হোসেন, তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা। জায়গা না পেয়ে কেবিনের বারান্দায় দাঁড়িয়ে পড়েন তাঁরা। বেলা দুইটার দিকে সুরভী লঞ্চের ছাদে কথা হয় রফিকুল ইসলাম নামের এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, লঞ্চে কোথাও জায়গা না পেয়ে ছাদে উঠতে হয়েছে। ছাদে উঠেছেন মো. কাওসার হোসেন, পারভীন আক্তার, মো. হুমায়ুন কবির, সেলিনা পারভীন, জহিরুল ইসলাম, মাহমুদা আক্তার, মো. জাহাঙ্গীর হোসেন, মুনিরা বেগমসহ বহু যাত্রী।সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার দুটি থাকলেও এগুলো বরিশালে যাত্রী বহন করতে পারেনি। দুপুরের আগেই হুলার হাট ও মোরেলগঞ্জ থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ায় বরিশালের ঘাট থেকে কোনো যাত্রী উঠতে পারেনি। এ কারণে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজার হাজার যাত্রীকে পন্টুনে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে হতাশ হয়ে ফিরে যান। নবগ্রাম এলাকার মো. কালাম হাওলাদার বলেন, ‘বেলা ১২টার দিকে এসেও কোনো জায়গা পাইনি। সঙ্গে নারী সদস্যসহ ১১ জন যাত্রী থাকায় ফিরে যেতে হচ্ছে। শনিবার সকাল সকাল এসে আবার চেষ্টা করব।’বিআইডব্লিউটিসি বরিশালের নির্বাহী প্রকৌশলী কমল মিত্র বলেন, বৃহস্পতিবার হুলার হাট থেকে এমভি শেলা এবং মোরেলগঞ্জ থেকে পিএস টার্ন দুপুরেই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করায় বরিশালের ঘাটে ভিড়তে পারেনি। এ কারণে বরিশালের অধিকাংশ যাত্রী দুর্ভোগে পড়ে। বিআইডব্লিউটিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক গোপাল কৃষ্ণ মজুমদার বলেন, বৃহস্পতিবার বরিশাল থেকে যাত্রী পরিবহন করা সম্ভব হয়নি। তাই শুক্রবার বরিশাল-চাঁদপুরের যাত্রীদের জন্য এমভি শেলাকে রাখা হয়েছে। তবে অস্ট্রিচ মোরেলগঞ্জ থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে আসায় বরিশাল ঘাটে ভিড়তে পারবে কি না ঠিক নেই। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে মাইকে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার নির্দেশ দিলেও এ নির্দেশ মানছেন না লঞ্চের মালিকেরা। নাম প্রকাশ না করার শর্তে এক লঞ্চমালিক বলেন, ঢাকা-বরিশাল যাত্রাপথে সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন লঞ্চের এক হাজার থেকে দুই হাজার ২০০ যাত্রী বহন করা সম্ভব। কিন্তু সাড়ে তিন হাজারে বেশি যাত্রী নিয়ে ঘাট ছাড়ছে এসব লঞ্চ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন ঘাটে দুজন হাকিম, র‌্যাব ও প্রশাসনিক কর্মকর্তারা তদারকি করছেন।চাঁদপুরেও লঞ্চে ঠাঁই নেই: চাঁদপুর প্রতিনিধি জানান, কোনো ধরনের নিয়মনীতি না মেনেই ধারণক্ষমতার তিন-চার গুণ বেশি যাত্রী নিয়ে চাঁদপুরের লঞ্চগুলো ঢাকার উদ্দেশে রওনা হচ্ছে। ঈদের পরদিন প্রায় সব কটি লঞ্চে এমন চিত্র দেখা গেছে। গতকাল চাঁদপুর লঞ্চঘাটে দেখা গেছে, ঢাকাগামী ঈগল, আল বোরাক, রফরফ ও আবে জমজম লঞ্চে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও উত্তাল নদীতে এসব লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ঘাটে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা থাকলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। আবে জমজম লঞ্চের তত্ত্বাবধায়ক মো. বিপ্লব সরকার বলেন, ঈদের আগে যাত্রীদের জন্য বিশেষ লঞ্চের ব্যবস্থা থাকলেও এখন তা নেই। তাই বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর নিয়াজ মোহাম্মদ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।