নৌযান ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ২
নারায়ণগঞ্জ বন্দরে শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় গত রোববার সন্ধ্যায় কালবৈশাখীর কবলে পড়ে একটি নৌকা উল্টে যায়। এ সময় রাকিব নামের এক কিশোর নিখোঁজ হয়। গতকাল সোমবার রাত নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় পদ্মা নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে যায়। এ সময় দুই শ্রমিক নিখোঁজ হন। গতকাল রাত ১০টা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, রাকিব (১৫) বন্দর উপজেলার র্যা লি বাগান এলাকার আবদুল কাদিরের ছেলে। রোববার সন্ধ্যায় সাইদুর রহমান ও তাঁর শ্যালক রাকিব মোটরসাইকেল নিয়ে নৌকায় নদী পার হচ্ছিলেন। নৌকাটি কালবৈশাখীর কবলে পড়ে উল্টে যায়। নৌকার মাঝি ও সাইদুর সাঁতরে তীরে ওঠেন। কিন্তু রাকিব নিখোঁজ হয়। গতকাল সকালে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রাকিবের লাশ বন্দরের ৫ নম্বর এলাকায় ভেসে উঠলে রাত নয়টার দিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ দুই শ্রমিক হলেন পাবনা সদর উপজেলার চর তারাপুর গ্রামের রহিজ প্রামাণিক (৫০) ও কুদ্দুস প্রামাণিক (৫৫)। রোববার বিকেলে চর তারাপুর এলাকা থেকে বালু নিয়ে আটজন শ্রমিক পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ছয়টার দিকে পাটুরিয়া ঘাটের কাছে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ছয়জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে রহিজ ও কুদ্দুস নিখোঁজ হন।