নৌযান ধর্মঘট প্রত্যাহার
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার নৌযান ধর্মঘট গতকাল শনিবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। বেতনকাঠামো সংশোধনসহ ২২ দফা দাবিতে ৭ মে মধ্যরাত থেকে সারা দেশে এ ধর্মঘট ডাকা হয়। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় প্রধানত চট্টগ্রাম, মংলা ও খুলনা বন্দরে আট দিন পর পুরোদমে কাজ শুরু হলো। ঢাকার সদরঘাটসহ অন্য নদীবন্দরগুলোতে ১৩ মে বিকেল থেকেই অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। নৌপরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেলে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদলের আলোচনা হয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলমও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। যোগাযোগ করা হলে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলাম ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেন। দুটি সংসদীয় কমিটির সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া সব নেতা ও শ্রমিকের মুক্তি, মামলা প্রত্যাহার এবং ঘোষিত বেতনের ক্ষেত্রে অসামঞ্জস্যতা বিবেচনা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ধর্মঘটী শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণ সমর্থন করেনি বলে ধর্মঘট সফল হয়নি। মূলত তাঁর ‘আলটিমেটাম’ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের কাজে যোগ দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে দেওয়া নোটিশ ধর্মঘট প্রত্যাহারে শতভাগ কাজ করেছে। তবে দুটি সংসদীয় কমিটির সভাপতি এ বিষয়ে আনুষ্ঠানিক ভূমিকা পালন করায় মন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান।শাজাহান খান আরও বলেন, পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী এবং তিনি বৈঠক করবেন। এ ছাড়া শ্রমিকদের গ্রেপ্তার করার যে ঘোষণা ছিল, তা এই বৈঠক পর্যন্ত স্থগিত করেন তিনি। মন্ত্রী বলেন, শ্রমিকদের বাইরে বহিরাগত মহলের ষড়যন্ত্রে নৌ-ধর্মঘট ডাকা হয়। এমনকি সংসদীয় কমিটির সঙ্গে যখন ফেডারেশনের নেতারা আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিচ্ছিলেন, সেই মুহূর্তে চট্টগ্রামে দুটি সংগঠন লাইটারেজ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা চালিয়ে কর্মীদের আহত করে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় বুড়িগঙ্গা সেতু থেকে পাথর ছুড়ে লঞ্চযাত্রীদের আহত করা হয়।