নৌযান শ্রমিকেরা আবারও আন্দোলনের হুমকি দিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ ২২ দফা দাবি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তাঁরা আজ শনিবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. শাহ আলম গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।জানা যায়, বেতন-ভাতা বৃদ্ধিসহ ২২ দফা দাবি আদায়ে গত ১৫ মার্চ রাত ১২টা থেকে সারা দেশে নৌ-ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকেরা। নৌমন্ত্রীর হস্তক্ষেপে তিন দিন পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। সেই সময় সরকার ও লঞ্চমালিকদের সঙ্গে চুক্তি হয়েছিল, গতকাল ৩০ এপ্রিলের মধ্যে বেতন-ভাতা বৃদ্ধির কাঠামো তৈরি এবং অন্যান্য দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে। এ নিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে মালিক ও শ্রমিকদের ঘণ্টাব্যাপী বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।শ্রমিকনেতা শাহ আলম বলেন, ‘শুধু আশ্বাস দিয়ে আমাদের শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা আর আশ্বাসের জন্য বসে থাকব না। শ্রমিকদের নিয়ে আজ বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করব। এবারের কর্মসূচি হবে ধর্মঘটের চেয়ে কঠিন।’এ ব্যাপারে অভ্যন্তরীণ নৌ-চলাচল লঞ্চ মালিক সমিতির নির্বাহী সদস্য সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা যে দাবি করছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাঁরা যে বেতন চেয়েছেন, আমরা তার ৬০ শতাংশ পূরণ করতে চেয়েছি, কিন্তু শ্রমিকেরা তাতেও রাজি হননি।’ তিনি জানান, ৬ মে ঢাকায় শ্রম ভবনে শ্রমিকদের সঙ্গে আবার বৈঠক করার কথা রয়েছে।