নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিন কর্মবিরতি পালনের পর তা প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। লঞ্চমালিকপক্ষ গতকাল শুক্রবার শ্রমিকদের মূল বেতন ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। ঢাকায় বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থা এবং পণ্যবাহী নৌযান মালিকপক্ষের সঙ্গে গতকাল বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সরকারের সমঝোতা বৈঠক হয়। এতে নৌমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘সরকার ও লঞ্চমালিকপক্ষ সব পর্যায়ের নৌযান শ্রমিক-কর্মচারীর মূল বেতন ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিলে আমরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিই। আজ (গতকাল) রাত থেকেই নৌযান চলাচল আবার শুরু হবে।’শ্রমিকদের বেতন স্কেল পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবিতে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতি পালন শুরু করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও এর আওতাধীন শ্রমিক-কর্মচারীরা।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:কেরানীগঞ্জ (ঢাকা): কর্মবিরতির কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গতকাল সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী লঞ্চ আসে মাত্র ১৭টি। টার্মিনাল থেকে ছেড়ে যায় মাত্র ১৩টি। চাঁদপুর: প্রতিদিন চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে ২০টি লঞ্চ চললেও গতকাল হাতেগোনা কয়েকটি চলতে দেখা গেছে। তবে যাত্রী ছিল প্রচুর।সিরাজগঞ্জ: কর্মবিরতির কারণে তিন দিন ধরে অচল ছিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর। জাহাজ থেকে সার ও জ্বালানি তেল খালাসও ছিল বন্ধ।