নৌযান শ্রমিকদের জন্য সর্বোচ্চ মজুরি ছয় হাজার ৭২০ টাকা
নৌযান শ্রমিকদের জন্য সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা মজুরি ঘোষণা করেছে সরকার। পাঁচ বছরের জন্য এই মজুরিকাঠামো প্রণয়ন করা হয়েছে। ১ জুলাই থেকে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন।গতকাল সোমবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নৌযান শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার ঘোষিত ন্যূনতম মজুরির চেয়ে বর্তমানে যদি কোনো নৌযান শ্রমিক বেশি মজুরি পেয়ে থাকেন, তবে তা মালিকেরা কমাতে পারবেন না। এই মজুরিকাঠামো কার্যকর হবে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে। মালিকেরা শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বর্ধিত বকেয়া মজুরি পরিশোধ করবেন।শ্রমিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন মজুরিকাঠামোর বিষয়ে আপত্তি প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, শ্রমিকেরা এটিকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ এটি নিয়ে আপত্তি তুলেছেন। এটি তুলতেই পারেন।নতুন মজুরিকাঠামো: নতুন মজুরিকাঠামো অনুযায়ী, তিনটি শ্রেণীর মধ্যে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে চলাচলকারী কোস্টার, কোস্টাল ট্যাংকার ও অভ্যন্তরীণ নৌপথে ১২ মাস চলাচলকারী কার্গো ও বার্জ-টাগে নিয়োজিত শ্রমিকদের জন্য সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন তিন হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া তাঁরা মূল মজুরির ৬০ শতাংশ বাড়িভাড়া, ৭০০ টাকা চিকিৎসাভাতা এবং ২৫০ টাকা ধোলাইভাতা পাবেন। এই শ্রেণীর শ্রমিকদের জন্য পাঁচ বছর পর সর্বোচ্চ ১৪ হাজার ৭৫৫ টাকা এবং সর্বনিম্ন পাঁচ হাজার ৯৭৫ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।নতুন মজুরিকাঠামোতে সব ধরনের বেসরকারি শ্যালো ট্যাংকারে নিয়োজিত শ্রমিকদের জন্য পাঁচ হাজার ৮৯০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ৫৫৫ টাকা মজুরি নির্ধারিত হয়েছে। এ ছাড়া তাঁরা মূল মজুরির ৫৫ শতাংশ বাড়িভাড়া, ৭০০ টাকা চিকিৎসাভাতা এবং ২৫০ টাকা ধোলাইভাতা পাবেন। পাঁচ বছর পর এই শ্রেণীর শ্রমিকেরা সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন তিন হাজার ৮২৫ টাকা মজুরি পাবেন।সব ধরনের বেসরকারি যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী কার্গো, টুইন লঞ্চ, অভ্যন্তরীণ বার্জ ও ফ্লাট এবং বাল্ক হেড (বালু পরিবহন ও ড্রেজিং) নৌযানে নিয়োজিত শ্রমিকেরা সর্বোচ্চ পাঁচ হাজার ২৮০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা মজুরি পাবেন। এ ছাড়া তাঁরা মূল মজুরির ২০ শতাংশ বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসাভাতা এবং ৫০ টাকা ধোলাইভাতা পাবেন। এই শ্রেণীর শ্রমিকেরা পাঁচ বছর পর সর্বোচ্চ আট হাজার ৭৬০ টাকা এবং সর্বনিম্ন তিন হাজার ৪৯৫ টাকা মজুরি পাবেন।