নৌযান শ্রমিকদের ধর্মঘট ষড়যন্ত্র: তৌফিক ইলাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও বিমানের ফ্লাইট সময়সূচি ঠিক রাখতে গতকাল বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পদ্মার ডিপোতে ছুটে আসেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) এনামুল হক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।তাঁদের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সকাল নয়টার দিকে গোদনাইলে পদ্মা ডিপোর ঘাটে জাহাজ থেকে বিশেষ ব্যবস্থায় বিমানের তেল নামানোর ব্যবস্থা করা হয়।প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, নৌযান শ্রমিক ধর্মঘট ষড়যন্ত্র (স্যাবোটাজ)।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ধর্মঘটী নৌশ্রমিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ না দিলে তাঁদের লাইসেন্স বাতিল করা হবে। নৌযান চলাচলে বাধা দিলে ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান প্রমুখ।গতকাল এমটি পানকৌড়ি জাহাজ থেকে তেল নামানো শুরু হয়। তেল নামানোর সময় কোস্ট গার্ড, পুলিশ ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।তেল নামানোর সময় তাঁরা সার্বক্ষণিক থাকবেন উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী জানান, মজুদ কম হওয়ায় বন্দর ব্যবহারকারী বিমান সংস্থাগুলোকে জ্বালানি তেল সরবরাহ করতে পারবে না বলে ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল (রা.) বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল। এর পরই তাঁরা সিদ্ধিরগঞ্জে আসেন এবং বিকল্প ব্যবস্থায় জ্বালানি তেল নামানোর উদ্যোগ নেন।নৌশ্রমিকদের লাগাতার ধর্মঘটের কারণে দেশের সব ডিপোতে জাহাজে জ্বালানি তেল বোঝাই ও খালাস বন্ধ রয়েছে। ফলে ডিপোতে বিমানে ব্যবহারের জ্বালানির সংকট দেখা দেয়।আন্তর্জাতিক আইন অনুযায়ী বিমানে কমপক্ষে তিন দিনের জ্বালানি মজুদ থাকতে হবে। কিন্তু নৌ ধর্মঘটের কারণে জ্বালানি খালাস বন্ধ থাকায় সংকট দেখা দেয়। এ সংকট নিরসনের জন্য গতকাল পদ্মা ডিপোসংলগ্ন শীতলক্ষ্যা নদীর বহির্নোঙরে থাকা চারটি জাহাজ থেকে বিকল্প ব্যবস্থায় বিমানের জ্বালানি খালাসের উদ্যোগ নেওয়া হয়।প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী জানান, ঢাকায় বিমানের জ্বালানির অন্তর্বর্তীকালীন সংকট দেখা দেওয়ায় বিমানের ফ্লাইটের সময়সূচি ঠিক রাখতে সরকার জাহাজ থেকে বিকল্প ব্যবস্থায় তেল খালাস শুরু করেছে।বিমানের জন্য প্রতিদিন ৬০০ মেট্রিক টন জ্বালানি তেল প্রয়োজন। কিন্তু আজকে বিমানের মজুদ রয়েছে ৪০০ টন। তাই মজুদ বাড়াতে চট্টগ্রাম থেকে ৪৯টি ট্যাংক লরির মাধ্যমে সড়কপথে তেল ঢাকায় আনা হচ্ছে।এ ছাড়া পদ্মা ডিপোর ঘাটে নোঙর করা আছে ৪৮ হাজার টন জ্বালানি, যা বিকল্প ব্যবস্থায় খালাস করা হচ্ছে। তবে এখনো জ্বালানি তেলের সংকটের কোনো প্রভাব বিমানের স্বাভাবিক কার্যক্রমে পড়েনি।