নৌযানশ্রমিকদের কর্মবিরতি শুরু আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযানশ্রমিকদের মজুরিকাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।গতকাল মঙ্গলবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার থেকে এই কর্মবিরতি শুরু হবে।নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, সারা দেশে ২০ হাজার নৌযান চলাচল করে। এর মধ্যে যাত্রীবাহী, মালবাহী, এমনকি মৎস শিকারিরাও এই কর্মবিরতির আওতায় থাকবেন। মঙ্গলবার রাত ১২টার পর থেকেই কর্মবিরতি শুরু হবে।ফেডারেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ দফা দাবিতে গত ৮ জুলাই কর্মবিরতির ঘোষণা দিয়েছিল ফেডারেশন। কিন্তু দুই মাসের মধ্যে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে—এমন আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর পাঁচ মাস পেরিয়ে গেলেও সরকার দাবি মেনে নেয়নি। এ অবস্থায় কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।নৌযানশ্রমিকদের দাবির মধ্যে আরও রয়েছে, নৌপথে নিরাপত্তা নিশ্চিত, নাব্যতা ঠিক রাখা, মেরিন আদালতে হয়রানি বন্ধ ইত্যাদি।