নৌযানে ভাড়া বৃদ্ধি না করা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার আহ্বানের মধ্য দিয়ে গতকাল বুধবার বরিশালে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে।এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় নবনির্মিত বরিশাল বন্দর ভবনে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে ‘সুস্থ পরিবেশ, নৌ ও যাত্রী নিরাপত্তা আমাদের অঙ্গীকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ। এতে সভাপতিত্ব করেন বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং সুন্দরবন লঞ্চের স্বত্বাধিকারী সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লঞ্চ ব্যবসায়ী ও সদর উপজেলা চেয়ারম্যান আজিজুল হক, জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হাসান, বিআইডব্লিউটিএ বরিশালের বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ প্রমুখ।সেমিনারে মেয়র হিরণ বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রথম পদক্ষেপ নিতে হবে নৌযান চালকদের। যাত্রীরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেদিকে নৌযান মালিকদের নজর রাখতে হবে। লঞ্চ মালিকদের প্রতি আমার আহ্বান, আপনারা তেলের দাম বৃদ্ধির অজুহাতে বরিশাল রুটে চলাচলকারী কোনো নৌযানে ভাড়া বৃদ্ধি করবেন না।’