নৌযানের সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশে ‘নৌশুমারি’র উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নিবন্ধনহীন সব নৌযানকে নিবন্ধনের আওতায় আনা হবে। এ ছাড়া নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে শক্তিশালী ও ‘নৌ-পুলিশ’ গঠনের চেষ্টা চলছে। গতকাল সোমবার নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।নৌপরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তর যৌথভাবে রাজধানীর বিয়াম মিলনায়তনে সকালে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার।চতুর্থবারের মতো আয়োজিত নৌ-নিরাপত্তা সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রশিক্ষণ ও সচেতনতা—নৌ চলাচলে আনে নিরাপত্তার নিশ্চয়তা’।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নৌযান দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে মালিক, শ্রমিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারী—কাউকে ছাড় দেওয়া হবে না। নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে মালিক, শ্রমিক ও যাত্রী—সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।নৌমন্ত্রী বলেন, বিভিন্ন নৌ-দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ত্রুটিযুক্ত নৌযানগুলোকে ত্রুটিমুক্ত করার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী, সাংসদ শামসুল হক চৌধুরী, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সহসভাপতি শাহাবুদ্দিন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ আশিকুর আলম প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে নৌ-সেক্টরে বিশেষ অবদানের জন্য এমভি মিতালী-২-এর মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন, প্ল্লাটুন কমান্ডার মোহাম্মদ হালিম মিয়া ও করণিক মোহাম্মদ মোসলেমকে পুরস্কৃত করা হয়।এর আগে সকালে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সমুদ্র পরিবহন অধিদপ্তর রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করে। অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নৌযান মালিক, শ্রমিক-কর্মচারী এবং বেসরকারি মেরিন একাডেমির প্রতিনিধিরা শোভাযাত্রায় অংশ নেন। ২৯ এপ্রিল পর্যন্ত দেশের ৩৫টি জেলায় ও সব নৌ-বন্দরে বিআইডব্ল্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও মালিকদের সমন্বয়ে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালিত হবে।