নৌশ্রমিকদের আজকের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ
ধর্মঘটী নৌশ্রমিকদের কাজে যোগ দেওয়ার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার মধ্যে মাস্টার, চালকসহ সব নৌশ্রমিক ও কর্মচারীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।গতকাল শুক্রবার বিকেলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন।এর আগে নৌশ্রমিকদের গতকাল শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।এ ছাড়া কাজে যোগ না দেওয়া শ্রমিক এবং লঞ্চ চলাচলে ‘নাশকতা সৃষ্টিকারীদের’ শনাক্ত ও ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যাঁরা কাজে যোগ দেননি বিধি অনুযায়ী কমিটি তাঁদের শনাক্ত করতে পারবে। এর আগে জাহাজ পরিদর্শকেরা কাজে যোগ না দেওয়া এবং ‘অরাজকতা সৃষ্টিকারী’ ৪৩ জনকে শনাক্ত করেন বলে মন্ত্রী জানান। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, কাজে যোগদানের আহ্বান জানানোর পর গত দুই দিনে ১১টি বন্দরে নৌযান চলাচল ‘প্রায় পুরো মাত্রায়’ চালু হয়েছে। তিনি একটি হিসাবপত্র দেখিয়ে বলেন, ঢাকা নৌবন্দর থেকে গত বৃহস্পতিবার ৫৪টি লঞ্চের মধ্যে ৫০টি, শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ১৮টির মধ্যে ১৬; বরিশাল থেকে বৃহস্পতিবার ৩৭টির মধ্যে ২৫, গতকাল ৩৪টির মধ্যে ২৭; মাওয়ায় বৃহস্পতিবার ৮১টির মধ্যে ৮১, গতকাল ৭৫টির মধ্যে সব কটি; নারায়ণগঞ্জে বৃহস্পতিবার ৫৭টির মধ্যে ৫৫ এবং গতকাল ৫১টির মধ্যে ৫১টিই ছেড়ে গেছে। তবে গত দুই দিনে খুলনাগামী পাঁচটি নৌযানের কোনোটিই ছেড়ে যায়নি।সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, নির্দেশ অমান্য করলে যেকোনো ঘটনার দায়দায়িত্ব যাঁরা ধর্মঘট ডেকেছেন তাঁদের ওপরই বর্তাবে। এ ক্ষেত্রে সরকারের কোনো দায়দায়িত্ব থাকবে না। মন্ত্রী দাবি করেন, নৌযান ধর্মঘট আইনবহির্ভূত। যাঁরা ধর্মঘট ডেকেছেন, তাঁরা প্রত্যাহার করলেই কেবল আলোচনা হতে পারে।জাহাজের ব্যবসা রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এমন কয়েকজন সদস্য নৌশ্রমিকদের বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে—এমন অভিযোগ মন্ত্রী অস্বীকার করেন। বেতনকাঠামো সংশোধনসহ ২২ দফা দাবিতে ৭ মে থেকে নৌশ্রমিকদের অন্যতম প্রধান সংগঠন ‘নৌযান শ্রমিক ফেডারেশন’-এর ডাকে সারা দেশে ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।