নৌশ্রমিকদের জন্য মজুরি কাঠামোর গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌশ্রমিকদের জন্য তিনটি শ্রেণীতে নতুন মজুরিকাঠামো নির্ধারণ করে গেজেট প্রকাশিত হয়েছে। গতকাল রোববার শ্রম পরিদপ্তর থেকে এই গেজেট প্রকাশিত হয়। এতে সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা মজুরি নির্ধারণ করা হয়। আগামী পাঁচ বছরের জন্য এই মজুরিকাঠামো বহাল থাকবে। নৌশ্রমিকদের বেতনকাঠামো সংশোধনসহ ২২ দফা দাবিতে গত ৭ মে মধ্যরাত থেকে সারা দেশে নৌধর্মঘট ডাকা হয়। এ ছাড়া মজুরিকাঠামো নির্ধারণের জন্য গত বছরের নভেম্বরে এবং গত মার্চ মাসে ধর্মঘট হয়। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে ১৫ মে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদলের আলোচনার পর সর্বশেষ ধর্মঘট প্রত্যাহার করা হয়। ওই সময় শ্রম পরিদপ্তরের তত্ত্বাবধানে বেতনকাঠামো সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়। গেজেট প্রকাশের পর গতকাল সন্ধ্যায় নৌশ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, মজুরিকাঠামোয় নৌশ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বর্তমান বাজার মূল্য এবং জাতীয় মজুরিকাঠামোর সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। আজ সোমবার সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তাঁদের অবস্থান জানানো হবে। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার প্রথম আলোকে জানান, সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। যতটা সম্ভব মজুরিকাঠামো নির্ধারণ করে এই গেজেট প্রকাশ করা হয়েছে। মজুরিকাঠামো অনুযায়ী তিনটি শ্রেণীর মধ্যে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে চলাচলকারী কোস্টার ট্যাঙ্কার ও অভ্যন্তরীণ নৌপথে ১২ মাস চলাচলকারী কার্গো এবং বার্জ-টাগে নিয়োজিত শ্রমিকদের জন্য সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন তিন হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া, ৭০০ টাকা চিকিৎসা ভাতা ও ২৫০ টাকা ধোলাই ভাতা পাবেন। নতুন কাঠামোতে বেসরকারি শ্যালো-ট্যাঙ্কারে নিয়োজিত শ্রমিকদের জন্য পাঁচ হাজার ৮৯০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ৫৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মূল বেতনের ৫৫ শতাংশ বাড়িভাড়া, ৭০০ টাকা চিকিৎসা ভাতা ও ২৫০ টাকা ধোলাই ভাতা নির্ধারণ হয়। বেসরকারি যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী কার্গো, টুইন লঞ্চ, অভ্যন্তরীণ বার্জ ও ফ্ল্যাট নৌযানে নিয়োজিত শ্রমিকেরা পাবেন সর্বোচ্চ পাঁচ হাজার ২০ টাকা। এদের ক্ষেত্রে সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়। এদের ক্ষেত্রে মূল মজুরির ২০ শতাংশ বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৫০ টাকা ধোলাই ভাতা নির্ধারণ করা হয়।