ন্যান্সি পেলোসি বাংলাদেশ সফরে আসছেন
যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি শিগগির বাংলাদেশ সফরে আসবেন। তিনি এ দেশে নারীর ক্ষমতায়নের বাস্তব চিত্র সশরীরে এসে দেখার জন্য আগ্রহ দেখিয়েছেন। ওয়াশিংটন সফররত বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় দলের কাছে তিনি তাঁর আগ্রহের কথা জানান।গত বুধবার ক্যাপিটাল হিলে স্পিকার আবদুল হামিদসহ সফররত বাংলাদেশ সংসদীয় দলকে অভ্যর্থনা জানান মার্কিন আইন প্রণেতারা। অভ্যর্থনা সভায় মার্কিন কংগ্রেসের স্পিকার পেলোসি সফররত বাংলাদেশ দলকে স্বাগত জানান। তিনি বলেন, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের জন্য কল্যাণকর যেকোনো উদ্যোগকে তিনি সমর্থন করে যাবেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ভালো উদাহরণের দেশ হিসেবে স্বীকৃত।কংগ্রেসম্যান জিম ম্যাকডরমট তাঁর বাংলাদেশ সফরের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, মার্কিন কংগ্রেসে নিউ পার্টনারশিপ ডেভেলপমেন্ট অ্যাক্ট পাস করানোর জন্য তিনি চেষ্টা করছেন। এই চেষ্টা সফল হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে অধিকতর সুবিধা পাবে বলে তিনি উল্লেখ করেন।অভ্যর্থনা সভায় অ্যারিজোনা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ডিক স্লিডার বলেন, বাংলাদেশি আমেরিকানদের সততা ও উদ্ভাবনী ক্ষমতা প্রশংসনীয়।অভ্যর্থনার জবাবে স্পিকার আবদুল হামিদ মার্কিন আইন প্রণেতাদের ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ জাতীয় সংসদ যাতে ভবিষ্যতে গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সে ব্যাপারে তাঁর দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন।