ন্যাপ নেতার জমি দখল করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকায় নারায়ণগঞ্জের প্রবীণ রাজনীতিক আইনজীবী এম এ ওহাবের ৬৫ বছরের ভোগদখলে থাকা পৈতৃক সম্পত্তি অবৈধভাবে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মনসুর আলী দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্বেচ্ছাসেবক লীগের নেতা মনসুর আলী রাতের অন্ধকারে ওই জমিতে বাঁশ পুঁতে টিনের বেড়া দিয়ে সাইনবোর্ড লাগিয়েছেন।এম এ ওহাব ক্ষমতাসীন চৌদ্দদলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টির (মোজাফফর ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য। জেলা ১৪ দলের সমন্বয় কমিটিরও তিনি সদস্য। পেশায় আইনজীবী প্রবীণ এই রাজনীতিক স্থানীয় রাজনৈতিক মহলে সৎ ও ভদ্র হিসেবে পরিচিত।এম এ ওহাব অভিযোগ করেন, তাঁর বাবা সেরাজউদ্দিন মিয়া ১৯৫২ সালে রূপগঞ্জের তারাব মৌজায় তরিকুল ইসলামের কাছ থেকে ২১ শতাংশ জমি কেনেন। এসএ এবং আরএস জরিপে ওই জমি সেরাজউদ্দিন মিয়ার নামে রেকর্ড করা। ১৯৮৫ সালে সেরাজউদ্দিন মিয়া তাঁর ছেলে এম এ ওহাবকে সাবকবলা দলিল করে দেন। ওই জমির ওপর নির্মিত ঘরের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগও এম এ ওহাবের নামে। বছর খানেক আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তারাব পৌর কমিটির সাধারণ সম্পাদক মনসুর আলী ভূঁইয়া ওয়ারিশনামা বানিয়ে ওই জমি, জমির ওপর পুকুর ও ঘর দখলের নানা অপচেষ্টা চালিয়ে আসছেন। তাঁরা এম এ ওহাবের কাছ মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন।এম এ ওহাব ২০১১ সালের ১৭ জানুয়ারি এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি জিডি করেন। পরবর্তী সময়ে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। গত ২২ ফেব্রুয়ারি তিনি রূপগঞ্জ থানায় আরও একটি জিডি করলে পুলিশ জিডির অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে আসামি মনসুর আলী, মিছির আলী, রনি, আল আমিন, রবিন, ইয়াসিন, স্বপন ও সুমনের বিরুদ্ধে প্রেসক্রিপশন রিপোর্ট দাখিল করে। কিন্তু আসামিদের অপতৎপরতা বন্ধ না হওয়ায় এম এ ওহাব ২৫ মার্চ রূপগঞ্জ সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞার মামলা দায়ের করলে আদালত স্থিতাবস্থার আদেশ দেন।কিন্তু ২৮ মার্চ দিবাগত রাত তিনটার সময় আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ৪০-৫০ জন সহযোগী নিয়ে এম এ ওহাবের জমির চারদিকে বাঁশ পুঁতে টিনের বেড়া লাগানোর কাজ শুরু করে। এম এ ওহাব বিষয়টি রূপগঞ্জ থানার ওসিকে টেলিফোনে জানালে ওসি তাঁকে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে বলে আশ্বস্ত করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে পরদিন সকাল সাড়ে ১০টায়। এরই মধ্যে আসামিরা এম এ ওহাবের জমি টিনের বেড়া দিয়ে দখল করে নেয়। এই জমির পাশেই একটি বাড়িতে সপরিবারে বসবাস করেন এম এ ওহাব। সন্ত্রাসীরা এখন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। বিষয়টি তিনি ইতিমধ্যে প্রতিকার চেয়ে জেলা ১৪ দলের নেতাদের জানিয়েছেন।তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি তাঁর মা ফুলজান উত্তরাধিকার সূত্রে তাঁর নানার কাছ থেকে পেয়েছেন। ওই জমির একটি পুকুরে তিনি মায়ের নামে ‘ফুলজান মৎস্য খামার’ সাইনবোর্ড লাগিয়েছেন ইতিমধ্যে। এম এ ওহাবের পরিবারের ৬৫ বছরের ভোগদখলে থাকা জমি এখন দখলে নিলেন কেন—এমন প্রশ্নের জবাবে মনসুর আলী বলেন, ‘জমিটি আমার নানার হলেও এত দিন জোর না থাকায় দখলে নিতে পারিনি। এখন আমাদের দল ক্ষমতায়, তাই নিজেদের জমি দখলে নিয়েছি।’মনসুর আলী দাবি করেন, তাঁর কাছে জমির বৈধ কাগজপত্র আছে। রূপগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক সাহিদুর রহমান জানান, পুলিশ বিবদমান দুই পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। এম এ ওহাবের জিডির বিষয়ে তদন্ত করে পুলিশ যথাসময়ে প্রতিবেদন দিয়েছে। ২৯ মার্চ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে নতুন করে টিনের বেড়া দেওয়া, মাটি ভরাটের অভিযোগের সত্যতা পেয়েছে।জেলা ১৪ দলের সমন্বয়ক ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ন্যাপের নেতা এম এ ওহাব একজন প্রবীণ আইনজীবী, রাজনীতিক, সৎ মানুষ। তাঁর পৈতৃক জমি কেউ জোরপূর্বক দখল করে নেবে, তা মেনে নেওয়া যায় না। অভিযোগটি জানতে পেরে আমি রূপগঞ্জের আওয়ামী লীগ নেতাদের অনুরোধ করেছি বিষয়টি দেখার জন্য।’