ন্যাম ফ্ল্যাট ছাড়তে ৩০ সাংসদকে চিঠি
বরাদ্দ নেওয়ার পরও যেসব সাংসদ ন্যাম ভবনে থাকেন না, তাঁদের ফ্ল্যাট ছেড়ে দিতে সুপারিশ করেছে জাতীয় সংসদ কমিটি।
কমিটির দুজন সদস্য জানিয়েছেন, একজন মন্ত্রীসহ ৩০ জন সাংসদকে দুই দফা চিঠি দিয়ে জানানো হয়েছে, তাঁরা না থাকলে যেন ফ্ল্যাট ছেড়ে দেন। এর মধ্যে মাত্র চারজন সাংসদ চিঠির উত্তর দিয়েছেন। এদিকে গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সাংসদদের প্রতি সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ১৫ এপ্রিল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব সাংসদ ন্যাম ফ্ল্যাটে থাকেন না তাঁদের বাসা ছেড়ে দেওয়ার কথা বলেন। গতকাল সংসদ কমিটির বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসে।
গতকালের বৈঠকে কমিটি সংসদ সদস্য ভবনের লিফটগুলো দ্রুত পরিবর্তন, সংসদ চলাকালীন এবং বিশেষ অনুষ্ঠানের সময়ে শুধু নম্বর গেট দিয়ে যানবাহন বের হওয়া, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের নিরাপত্তার স্বার্থে অপরিচিত ও বহিরাগত লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য জনবল বাড়ানো, রাতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, পারিবারিক অতিথি ছাড়া অন্য দর্শনার্থীর যাতায়াত নিয়ন্ত্রণ এবং সদস্য ভবনগুলোর ছাদ ও অন্য কোনো জায়গায় অবৈধ অবস্থানকারীদের তল্লাশি-অপসারণ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, সাংসদ মো. আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, মাহাবুব আরা বেগম, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আসলামুল হক এবং তালুকদার মো. ইউনুস বৈঠকে অংশ নেন।