ন্যাম ভবন থেকে সংসদ পর্যন্ত টানেল তৈরির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে রাস্তার উল্টো পাশের সংসদ ভবনে যাতায়াতের জন্য টানেল তৈরির সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ন্যাম ভবনে গাড়িচালকদের বসার ছাউনি ও গাড়ি পার্কিংয়ের স্থানসহ শোভাবর্ধনমূলক স্থাপনা নির্মাণেরও সুপারিশ করা হয়।
এ ছাড়া বৈঠকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব প্রকল্পের প্লট বা ফ্ল্যাট বরাদ্দের জন্য একটি যুগোপযোগী বরাদ্দ নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। কমিটি এলাকাভেদে বরাদ্দ নীতিমালা পরিবর্তন করা হলেও কোটার হার অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণাধীন আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখতে সুপারিশ করেছে। একই সঙ্গে রাজউক কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্ল্যাটের কাজ ত্বরান্বিত করার এবং আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে ফ্ল্যাট বিক্রির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশ নেন।